গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ
নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ কামাল।
মঙ্গলবার রাতে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারি সচিব মো. শওকত আলীর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রায় ৩২৯ দশমিক ৯ বর্গকিলোমিটার আয়তনের এই সিটি কর্পোরেশনের লোকসংখ্যা প্রায় ২৫ লাখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির প্রশাসক নিয়োগের কথা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড বিভক্তিকরণ ও ওয়ার্ডের সীমানা নির্ধারণে গত ২০ জানুয়ারি সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। এতে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলামকে প্রধান সীমানা নির্ধারণ কর্মকর্তা করা হয়।
নিয়মানুযায়ী গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা।
এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনটিকে ৫৭টি ওয়ার্ডে বিভাজনের প্রাথমিক (খসড়া) কার্যক্রমও প্রায় শেষ পর্যায়ে।
কাজ শেষ হলে এই ওয়ার্ড বিন্যাসে আপত্তি নিয়ে গণশুনানি করা হবে বলে জানান দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।
তিনি বলেন, “মার্চের প্রথম সপ্তাহের দিকেই ওই কাজটি সম্পন্ন হবে বলে আমি আশা করছি। আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত সীমানা নির্ধারণপূর্বক তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।”
তবে প্রস্তাবিত এ ওয়ার্ড বিন্যাস নিয়ে পূবাইল ইউনিয়নবাসী ইতোমধ্যে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করছে। তারা পূবাইল ইউনিয়নকে ৪টির জায়গায় ৬টি ওয়ার্ডে ভাগ করার দাবি জানিয়েছে।
