২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলীমের আইনজীবীদের জরিমানা

পরপর দুই দিন অনুপস্থিত থাকায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল আলীমের আইনজীবীদের জরিমানা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 08:41 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

আসামিপক্ষের আইনজীবী বুধবার সাক্ষিকে জেরার আগে সময়ের আবেদন করলে বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্রুনাল-২ এই আদেশ দেন।

আলীমের বিরুদ্ধে প্রসিকিউশনের একাদশ সাক্ষী দিলীপ কুমার চক্রবর্তীকে আসামিপক্ষের জেরার দিন ছিল সোমবার। কিন্তু সকালে ট্রাইব্যুনালে এ মামলার কার্যক্রম শুরুর পর আলীমের আইনজীবী মুন্সি আহসান কবির বলেন,তাদের অপর আইনজীবী আহসানুল হক ব্যক্তিগত কারণে শুনানিতে আসতে পারেননি। আরেক আইনজীবী খলিলুর রহমান অসুস্থ। এ কারণে তিনি ট্রাইব্যুনালের কাছে সময় আবেদন করেন।

প্রসিকিউশনের পক্ষে রানা দাশগুপ্ত এ আবেদনের বিরোধিতা করে জেরা শেষ করার জন্য বিচারকের কাছে আবেদন জানান।

আদেশের আগে বিচারক আসামিপক্ষের আইনজীবীকে বলেন, এর আগেও আসামিপক্ষ দেরি করেছে।এ জন্য তাদের সতর্কও করা হয়েছে।

পরে আসামিপক্ষের আইনজীবীদের সময়ের আবেদন মঞ্জুর করে দুই হাজার টাকা জরিমানা করে ট্রাইব্যুনাল। জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে রশিদ জমা দিতে বলা হয়।

প্রসিকিউটর রানা দাসগুপ্ত জানান, দিলীপ কুমারকে জেরার জন্য ১৮ মার্চ দিন রাখা হয়েছে। তবে প্রসিকিউশনের পরবর্তী সাক্ষীকে ১০ মার্চ হাজির করা হবে।

৭ ধরনের মানবতাবিরোধী অপরাধের ১৭টি ঘটনায় গত বছরের ১১ জুন আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বর্তমানে তিনি এ মামলায় জামিনে রযেছেন।