২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানের পক্ষে সাক্ষ্য গ্রহণ ৩ মার্চ থেকে

যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামোনের পক্ষে সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী ৩ মার্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2013, 10:59 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

আসামি পক্ষের সাফাই সাক্ষীদের জবানবন্দি ও জেরা শেষ হওয়ার পর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মধ্যদিয়ে শুনানি শেষ হবে, এরপরই রায় হবে।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল কামারুজ্জামানের সাফাই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করে।

জামায়াত নেতার আইনজীবীদের দেয়া ১ হাজার ৩৫৪ জনের তালিকা থেকে চারজনের সাক্ষ্য নেয়া হবে বলে গত ২০ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল জানিয়ে দেয়।

এরপর গত ২৪ ফেব্রুয়ারি কামারুজ্জামানের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাকে আসামি পক্ষের জেরা শেষ করা হয়।

Image
‘হিন্দু বাড়িতে আল বদর ক্যাম্প বসিয়েছিলেন কামারুজ্জামান’

‘হিন্দু বাড়িতে আল বদর ক্যাম্প বসিয়েছিলেন কামারুজ্জামান’

সেদিন আসামি পক্ষের আইনজীবীরা হরতালের কারণ দেখিয়ে ট্রাইব্যুনালে অনুপস্থিত থাকলে ট্রাইব্যুনাল জেরা শেষের নির্দেশ দেয়।

গত ১১ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান জবানবন্দি দেন। এরপর আসামি পক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী তাকে জেরা শুরু করেন।

এই মামলায় গত বছরের ১৫ জুলাই সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার পর থেকে তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খানসহ এ পর্যন্ত ১৮ জন কামারুজ্জামোনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

গত বছরের ৪ জুন কামারুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট সাতটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়।

তার বিরুদ্ধে গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

কামারুজ্জামান ২০১০ সালের ২৯ জুলাই গ্রেপ্তার হন। ওই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।