কুমিল্লায় দুই গ্রুপের বন্দুকযুদ্ধে আহত ৩৫
আধিপত্য নিয়ে কুমিল্লার তিতাস উপজেলার শাহপুর গ্রামে সোমবার দুটি পক্ষের বন্দুকযুদ্ধে অন্তত ৩৫ জন আহত হয়েছে।
এর আগে শনিবার এবং রোববারও এই দুই গ্রুপ সংঘর্ষ লিপ্ত হয়। ওই সময় ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।
শাহপুর গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান গ্রুপ ও আওয়ামী লীগ নেতা শাহ আলম শান্তির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
তিতাস থানার ওসি মো. নবীর হোসেন বলেন, দুটি গ্রুপ দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে জড়িয়ে রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
ফারুক চেয়ারম্যান বলেন, “শান্তির লোকজন বিনাকারণে আমাদের লোকদের প্রতি গুলি করেছে। এতে আমাদের পক্ষের ১২জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়।”
হামলাকারীরা তাদের পক্ষের লোকজনের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ এবং ডেইরি ফার্মের প্রায় ১৫-২০ লাখ টাকার মালামাল লুট করে বলেও ফারুক জানান।
শাহ আলম শান্তি বলেন, র্যাব ও পুলিশ সদস্যরা আগুনে পুড়ে যাওয়া আমাদের বাড়ি-ঘর দেখতে আসে। এসময় ফারুক চেয়ারম্যান বাহিনী গুলি করে আমার ৮/১০ জনকে আহত করে।
আশংকাজনক অবস্থায় গুলিবিদ্ধ ফয়সল (২২), বিল্লাল (২০) ও মনির হোসেনকে (২৮) ঢাকায় পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
