২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশ পাহারায়’ মঞ্চ ভাঙচুর মামলার আসামির মিছিল

বগুড়ায় প্রজন্ম মঞ্চ ভাঙচুর মামলার আসামি জামায়াত নেতা পুলিশ পাহারায় মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 02:50 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে সোমবার মোহাম্মাদ আলী হাসপাতাল এলাকা থেকে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন ভাংচুর মামলার আসামি জেলা জামায়াতের নায়েবে আমীর আলমগীর হোসেন।

এ সময় পুলিশই মিছিলের নিরাপত্তায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তবে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লাল মিয়া বলেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলমগীর হোসেনকে পাওয়া যাচ্ছে না।

গত শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে শহরের জিরো পয়েন্ট সাতমাথায় প্রজন্ম মঞ্চ ভাংচুর করে জাতীয় পতাকা, শহীদ জননী জাহানারা ইমামেমর ছবি, মুক্তিযোদ্ধাদের ব্যানার ও পতাকা ছিড়ে ফেলা হয়।

প্রজন্ম মঞ্চ উদ্যোক্তাদের দাবি, তৌহিদি জনতার ব্যানারে জামায়াত-শিবির এই হামলার নেতৃত্ব দিয়েছে।

ওই ঘটনায় বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর আলমগীর হোসেনকে প্রধান আসামি করে ১৫ হাজার লোকের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পুলিশ মামলা করেছে।

এসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে করা এ মামলা তদন্ত করছেন এসআই লাল মিয়া।

বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন, তাকে (আলমগীর হোসেন) পাওয়া মাত্রই গ্রেপ্তার করা হবে। কিন্ত তাকে পাওয়া যাচ্ছে না।

“মিছিলে আলমগীর ছিলেন কিনা তা আমার জানা নেই,” বলেন ওসি।  

তদন্ত কর্মকর্তা এসআই লাল মিয়া বলেন, “মিছিলের সময় আমি ছিলাম না। অন্য একটি কাজে গিয়েছিলাম। তাকে (আলমগীর হোসেন) গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বগুড়া প্রজন্ম মঞ্চের সমন্বয়ক ও জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মাসুদার রহমান হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জানি মিছিলে প্রজন্ম মঞ্চ ভাঙার প্রধান আসামিসহ আরো অনেক আসামিই ছিল। কিন্ত তাদের গ্রেপ্তার করা হয়নি।”