বগুড়ায় গণমঞ্চ ভাংচুর: পুলিশের ভূমিকা তদন্তে কমিটি
শাহবাগ গণজাগরণ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বগুড়ায় গড়ে ওঠা ‘প্রজন্ম মঞ্চ’ পুলিশের উপস্থিতিতে ভঙার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ প্রশাসন।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক সোমবার এক সংবাদ সম্মেলনে এ তদন্ত কমিটি গঠনের কথা জানান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সায়েমকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এসপি।
দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ সুপার আবু সায়েম, অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) কাউছার সিকদার, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গত ৫ ফেব্রুয়ারি ঢাকায় রাজপথে নামে ব্লগার তরুণরা।যা পরে শাহবাগ গণজাগরণ আন্দোলন হিসাবে দেশব্যাপী ছড়িয়ে পড়ে।এ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশের মতো বগুড়াতেও রাজনৈতিক-সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের কর্মীরা গড়ে তোলেন ‘প্রজন্ম মঞ্চ’।
গত শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে সমমনা ইসলামপন্থী কয়েকটি দলের মিছিল থেকে জাতীয় পতাকা, শহীদ জননী জাহানারা ইমামের ছবি ও প্রজন্ম মঞ্চ ভাংচুর করা হয়।
প্রজন্ম মঞ্চের উদ্যোক্তাদের দাবি, এ ভাংচুরের পেছনে ‘যুদ্ধাপরাধে’ সংশ্লিষ্ট জামায়াত ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা সক্রিয় ছিল।
প্রজন্ম মঞ্চ চত্বরের আশপাশ থেকে পুলিশ প্রত্যাহারের পরপরই এ হামলার ঘটনা ঘটে বলেও অভিযোগ করেন তারা।
যদিও সেদিন সহকারী পুলিশ সুপার (এএসপি) কাউছার শিকদার বলেন, “অল্প সংখ্যক পুলিশ দিয়ে বিপুল জনতার মোকাবিলা করা কঠিন।”
এদিন সিলেটে শহীদ মিনারেও আগুন এবং চাঁদপুরে জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে ইসলামপন্থী সংগঠনের কর্মীরা।
সংবাদ সম্মেলনে প্রজন্ম মঞ্চ ভাংচুরের ঘটনা উল্লেখ করে এসপি মোজাম্মেল বলেন, “গণতন্ত্র নিয়ে আন্দোলন হতে পারে, সরকারের বিরুদ্ধে কিংবা অন্য কোনো দাবি নিয়ে আন্দোলন হতে পারে।কিন্তু যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বাঁচাতে কোন আন্দোলন হতে পারে না।”
“নতুন প্রজন্ম কেন শিবির করবে? কেন তারা একাত্তরের নারী ধর্ষক, হত্যাকারী, স্বাধীনতাবিরোধীদের দায় বহন করে তাদের পক্ষ নেবে?” বলেন এসপি।
