মাহমুদুরের বিরুদ্ধে বাপ্পার জিডি
মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মাধ্যমে প্রাণনাশের হুমকি সৃষ্টির অভিযোগ এনে আমার দেশ এবং সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন বাপ্পাদিত্য বসু।
শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পা রোববার দুপুরে শাহবাগ থানায় এই জিডি করেন।
জিডিতে তিনি বলেন, “আমার দেশ পত্রিকায় আমাকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করে হত্যার পরিবেশ তৈরি করা হচ্ছে। এছাড়া প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারকে হুমকি দেয়া হচ্ছে।”
এ পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা রক্ষায় আইনি পদক্ষেপ চেয়েছেন তিনি।
যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে আমার দেশ পত্রিকা উস্কানিমূলক খবর ছাপাচ্ছে বলে গণজাগরণ মঞ্চের অভিযোগ।
শাহবাগে টানা আন্দোলনের অষ্টম দিন গত ১২ ফেব্রুয়ারি বাপ্পাকে নিয়ে আমার দেশে ‘লগি বৈঠার খুনি বাপ্পাদিত্য বসু শাহবাগের নেতৃত্বে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
তাতে ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘর্ষে জামায়াত-শিবির কর্মী নিহত হওয়ার জন্য বাপ্পাদিত্যকে দায়ী করা হয়। এছাড়া তার বিরুদ্ধে চরমপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকারও অভিযোগ আনে পত্রিকাটি।
এরপরও বাপ্পাসহ জাগরণ মঞ্চের অন্য কয়েকজন সংগঠকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবেদন, মন্তব্য প্রতিবেদন ও কলাম প্রকাশ করেছে আমার দেশ।
ওই সব প্রতিবেদন ও কলামে যে সব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং তাকে হত্যার ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন বাপ্পা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহবাগ আন্দোলনের সংগঠক ও ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যার পর নতুন হত্যাকাণ্ডের পটভূমি তৈরি করতে মাহমুদুর রহমান তার পত্রিকায় এসব মিথ্যা তথ্য প্রকাশ করছেন।”
শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শাহবাগবিরোধী মিছিল থেকে সাংবাদিক, পুলিশ, জাগরণ মঞ্চ ও শহীদ মিনারে হামলার পর মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানায় গণজাগরণ মঞ্চ।
পরদিন অপপ্রচার চালিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি এবং হামলা-ভাংচুরের অভিযোগে মাহমুদুরের বিরুদ্ধে শাহবাগ ও রমনা থানায় পাঁচটি মামলা দায়ের হয়।
