বেসিস সফটএক্সপো ঢাকায় শুরু ৬ মার্চ
নাগরিক জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ঢাকায় শুরু হতে যাচ্ছে ‘বেসিস সফটএক্সপো ২০১৩’।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৬ মার্চ এ মেলা শুরু হবে। তা চলবে ৯ মার্চ পর্যন্ত।
শনিবার কারওয়ান বাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ বছর মেলার প্রতিপাদ্য- ‘আইসিটি ফর লাইফ, আইসিটি ফর বিজনেস’।
বেসিস আয়োজিত এই সফটএক্সপোকে সফটওয়্যার ও আইটি বিষয়ক দেশের ‘সর্ববৃহৎ মেলা’ আখ্যায়িত করে এর আহ্বায়ক ও বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদ বলেন, “এবার সফটএক্সপোতে দেশি-বিদেশি ১২০টিরও বেশি সফটওয়্যার ও আইটিইএস কোম্পানি অংশ নিচ্ছে, যা এ ধরনের মেলায় সর্বাধিক।”
তিনি আরো জানান, মেলায় প্রদর্শনী ছাড়াও থাকবে বেশ কিছু সেমিনার, টেকনিক্যাল সেশন, সিবিআই নেদারল্যান্ডস ও আইটিসি’র সহায়তায় আন্তর্জাতিক বিজনেস টু বিজনেস ম্যাচমেকিং বৈঠক, বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩, আইটি জব ফেয়ার, ই-কমার্স স্পেশাল জোন ইত্যাদি।
ম্যাচমেকিং বৈঠকে অংশ নিতে ডেনমার্ক, নেদারল্যান্ডস ও জার্মানি থেকে মেলায় আসবেন ১২টির বেশি কোম্পানীর উদ্যোক্তা ও পেশাজীবী।
এবারের মেলায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দকে নিয়ে ‘বিজনেস লিডারস মিট’।
এছাড়াও মেলার প্রথম ও দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত থাকছে ‘কর্পোরেট আওয়ার’। কর্পোরেট অতিথিদের সাথে বৈঠকের জন্য থাকবে স্পেশাল বিজনেস লাউঞ্জ।
‘বেসিস সফটএক্সপো ২০১৩’ এর সহআয়োজক হিসাবে আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং অ্যকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম (এটুআই)।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান, যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান, কোষাধ্যক্ষ উত্তম কুমার পাল, পরিচালক শাহ ইমরাউল কায়েস, নাভিদুল হক প্রমুখ।
