অধ্যাপক মুশাররফ হোসেন আর নেই
বিশিষ্ট অর্থনীতিবিদ, মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক মুশাররফ হোসেন আর নেই।
অধ্যাপক মুশাররফ হোসেন
তার ছেলে রাজাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অসুস্থতার কারণে কয়েক দিন আগে অধ্যাপক মুশাররফকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শেষ দিকে তাকে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাত ১২টার দিকে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই শিক্ষকের জানাজা হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে।
তার দীর্ঘদিনের সহযোগী ও নলেজ ট্রাস্টের সদস্য সচিব বিধান চন্দ্র পাল জানান, দেশ স্বাধীন হওয়ার আগে দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষকতা করেন মুশাররফ হোসেন। ওই বিভাগের বিভাগীয় প্রধান, সমাজ ও অর্থনৈতিক গবেষণা কেন্দ্রের পরিচালক এবং কলা অনুষদের ডিন হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
একাত্তরে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে মুজিবনগরে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয়। সেই সরকারের পরিকল্পনা কমিশনের পাঁচ সদস্যের একজন ছিলেন মুশাররফ হোসেন। স্বাধীনতার পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনেও দায়িত্ব পালন করেন তিনি।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর বিদেশে চলে যান অধ্যাপক মুশাররফ। এরপর ১৯৭৯ সালে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা শুরু করেন।
১৯৯৫ সালে শিক্ষকতা থেকে অবসর নিলেও অর্থনীতির গবেষণা নিয়ে তিনি বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম ও লেখালেখি চালিয়ে যান। দায়িত্ব পালন করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসাবে। নব্বই এর দশকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনেও তিনি ছিলেন সামনের কাতারে।
মুশাররফ হোসেনের স্ত্রী ইনারি হোসেনও দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তাদের দুই ছেলে জাফর হোসেন ও রাজাক হোসেনও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
অর্থনীতির শিক্ষা, গবেষণা ও চর্চায় অবদানের স্বীকৃতি হিসাবে বাংলাদেশ অর্থনীতি সমিতি সম্মাননা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলমনাই এসোসিয়েশন সম্মাননা, বাংলা একাডেমী ফেলোশিপ, বাংলাদেশ ব্যাংক পুরস্কারসহ নানা পুরস্কার ও সম্মাননা পেয়েছেন অধ্যাপক মুশার্রফ হোসেন।
তার গবেষণার অন্যতম বিষয় ছিল সরকারি কর, রাজস্ব, গ্রামীণ অর্থনীতি, কৃষি, দারিদ্র্য, খাদ্য ও পুষষ্টি, বিদেশি সাহায্য এবং পরিবেশ ও উন্নয়ন।
বাংলাদেশে গ্রামীণ দারিদ্র্য, বাংলাদেশে বন্যা, গ্রাম বাংলায় উন্নয়ন কর্মকাণ্ড, বাংলাদেশে কৃষিকাজ, বাংলাদেশে অপুষ্টির প্রকার ও ব্যাপকতাসহ বিভিন্ন গবেষণাগ্রন্থ ও সংকলনকে তার লেখা সমৃদ্ধ করেছে।
প্রধানমন্ত্রীর শোক
মুশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, এক শোকবাণীতে শেখ হাসিনা প্রয়াত এই শিক্ষাবিদের মুক্তিযুদ্ধের অবদানের কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।
শেখ হাসিনা অধ্যাপক মুশাররফ হোসেনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
