প্রধানমন্ত্রীর জনসভার জন্য পুকুর ভরাট, প্রতিবাদ শিক্ষার্থীদের
এর প্রতিবাদে বুধবার দুপুরে স্কুলের পুকুর পাড়ে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিন শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদকে স্মারকলিপি দিয়ে পুকুরটি রক্ষার ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবারও তারা পুকুর ভরাটের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিরোজপুরে আসবেন। অন্যান্য কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী স্কুল মাঠে আওয়ামী লীগের জনসভায়ও বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রসাশকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় স্কুলের এই শতবর্ষী পুকুরটি ভরাট করার সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সভায় জেলার তিন সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, স্কুলের প্রধান শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে (এলজিইডি) পুকুর ভরাটের দায়িত্ব দেয়া হয় বলে জানান বিক্ষোভকারীরা।
সরজমিনে দেখা যায়, বালু দিয়ে পুকুরটি ভরাটের জন্য ইতোমধ্যে সেখানে প্লাস্টিকের পাইপ নিয়ে আসা হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষিকা সম্পা রানী রায় সাংবাদিকদের বলেন, “কোন জলাশয় ভরাট করার বিধান নেই। ওই সভায় উপস্থিত থাকা সত্ত্বেও আমি প্রতিবাদ করতে পারিনি।”
তবে বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান প্রধান শিক্ষিকা।
পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন বলেন, পৌর পরিষদের অনুমতি ছাড়া পৌর এলাকার মধ্যে থাকা কোনো জলাশয় কেউ ভরাট করতে পারবে না। তাছাড়া এ পুকুরটি এলাকার মানুষের ও শিক্ষার্থীদের জন্য খুবই পয়োজন।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মহিউদ্দীন শেখ বলেন, আগেও স্কুল মাঠে জনসভা করেছেন, কিন্তু এই পুকুর কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি।
পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়। স্কুল প্রতিষ্ঠার সময় থেকেই পুকুরটি সেখানে রয়েছে।
