২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসিকিউশন দলে তুরিন আফরোজ

সুপ্রিম কোর্টের আইনজীবী ও আইনের শিক্ষক ব্যারিস্টার তুরিন আফরোজকে একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 08:24 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখার উপ সলিসিটর ননী গোপাল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক  তুরিন আফরোজ ২০১০ সাল থেকে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ‘আইন বিষয়ক সম্পাদক’ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আইন বিষয়ে বেশ কিছু লেখালেখিও তার রয়েছে। গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের রায়ে কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসার পর ফাঁসি না হওয়ার কারণ হিসাবে প্রসিকিউশনের কৌশলগত দুর্বলতা, অদক্ষতা ও ব্যর্থতার কথা তুলে ধরে একটি নিবন্ধ লেখেন তিনি।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “প্রসিকিউটর নিয়োগের বিষয়টি চলমান প্রক্রিয়া। যখন প্রয়োজন মনে হবে তখনই প্রসিকিউটর নিয়োগ দেয়া হবে।”

প্রতিমন্ত্রীর ভাষায়, আইন সম্পর্কে তুরিনের ‘যথেষ্ট’ জ্ঞান আছে। তার ‘মেধা ও জ্ঞান’ প্রসিকিউশন দলকে আরো ‘শক্তিশালী’ করবে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলেও দুই ঘণ্টার মাথায় তা স্থগিত করা হয়।

২০১০ সালের ২৫ মার্চ দুজন প্রসিকিউটর নিয়ে যাত্রা শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর বিচার দ্রুত সম্পন্ন করতে চালু করা হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল। কয়েক দফায় মোট ২২ জন প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে ট্রাইব্যুনালে ।