২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা ছাত্রীকে এসিড নিক্ষেপ, ৬ যুবকের যাবজ্জীবন

মাদ্রাসা ছাত্রীকে এসিড নিক্ষেপের দায়ে নোয়াখালীর একটি আদালতে ছয় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, যারা আরেকটি এসিড নিক্ষেপের মামলায়ও অভিযুক্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নোয়াখালী,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 01:02 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে কারাভোগ করতে হবে।

মঙ্গলবার জেলা ও দায়রা জজ এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফ হোসেন তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিতরা হলেন ইয়াছিন আরাফাত সজীব, বিহারি শরীফ, গিয়াস উদ্দিন রাজু, শাজাহান সুনাম, মাহমুদ ও পারভেজ। এদের সবার বাড়ি নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের মতিপুর এলাকায়।

এদের মধ্যে গিয়াস উদ্দিন রাজু, বিহারি শরীফ ও খলিল রহমান বাদে বাকিরা পলাতক আছেন।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি এমদাদ হোসেন কৈশোর সাংবাদিকদের বলেন, ২০১০ সালে ১৬ জুন ভোরে মতিপুর এলাকায় ইতালি প্রবাসী সৌরভ হোসেনের মেয়ে ও স্থানীয় সাইদুল আবরার আলেম মহিলা মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী ফারহানা আক্তারকে এসিডে ঝলসে দেয় দুর্বৃত্তরা।

এ সময় ফরহানার সঙ্গে থাকা তার বড় বোন রৌশন আক্তার ও তার শিশুপুত্র মাসুমও এসিডে আক্রান্ত হন।

দুর্বৃত্তরা ওই রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে এ হামলা চালিয়েছিল।

আইনজীবী আরো জানান, এ ঘটনায় ফারহানার দূরসম্পর্কের নানা মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে সুধারাম থানায় সাত জনকে আসামি করে একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি খলিলুর রহমান এমরানকে বেকসুর খালাস দেয়া হয় বলে জানান আইনজীবী।

দুবছর পর আবার এসিড নিক্ষেপ

এমদাদ হোসেন কৈশোর আরো বলেন, ফারহানার ওপর এসিড নিক্ষেপের মামলা চলাকালে আসামি জামিনে মুক্তি পায়। ২০১২ সালের ৩০ এপ্রিল একই কায়দায় তারা আবার ঘরে ঢুকে ফারহানার বড় বোন ও নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সেলিনা আক্তারকে (১৮) এসিডে ঝলসে দেয়।

এ ঘটনায় তার মা মাজেদা বেগম বাদী হয়ে ইয়াছিন আরাফাত সজীব, বিহারি শরীফ, গিয়াস উদ্দিন রাজু, শাজাহান সুনাম, মাহমুদ ও পারভেজকে আসামি করে আরেকটি মামলা করেন।

সেই মামলায়ও ওই ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে। মামলাটি একই আদালতে বিচারাধীন, বলেন এই আইনজীবী।