বাকৃবি খুলে দেয়ার দাবি ছাত্রফ্রন্টের
সরকার সমর্থক ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এক মাস ধরে বন্ধ থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অবিলম্বে খুলে দেয়ার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংগঠনটির বাকৃবি শাখার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
গত ১৯ জানুয়ারি থেকে ছাত্রলীগের বাকৃবি শাখা সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে দলীয় আধিপত্য নিয়ে কয়েকদিন লাগাতার সংঘর্ষ চলে।
একপর্যায়ে ক্যাম্পাসের পাশের বারেরা এলাকার শিশু রাব্বি (৮) গুলিতে নিহত হয়। এরপরই কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। বিলুপ্ত করা হয় ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা কমিটি।
সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা বলেন, একমাস হয়ে গেলেও কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না। এতে শিক্ষার্থীদের সেশন জটে পড়ার আশঙ্কা রয়েছে।
বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার জন্য বুধবার উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করেন ফ্রন্ট নেতারা।
এ সময় তারা বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে শিক্ষা কার্যক্রম চালু, শিশু রাব্বি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখার সাধারণ সম্পাদক কিশোর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি অজিত দাস, সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান ফরিদ, প্রচার সম্পাদক আশরাফ মিল্টন প্রমুখ।
