২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় একই পরিবারের ৮ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নীলফামারীর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নীলফামারী,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 11:17 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেব উন নেছা এ রায় দেন।

দণ্ডিতরা হলেন সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের পশ্চিম গড়গুড়ি এলাকার পত মামুদের স্ত্রী মালেকা খাতুন (৬৮), তাদের ছেলে জয়নুল ইসলাম (৪৮), আশরাফ আলী (৩৫), জমরুল ইসলাম (৩২), উজানু মামুদের ছেলে জামিয়ার রহমান (৪২), জয়নুল ইসলামের স্ত্রী আবেদা বেগম (৩৫), আশরাফ আলীর স্ত্রী হাগুড়ি বেগম (৩৫) এবং জমরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম (২৮)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অক্ষয় কুমার রায় মামলার বরাত দিয়ে সাংবাদিকদের বলেন, একটি গাছ ভাঙ্গাকে কেন্দ্র করে ২০০৭ সালের ২ জুন পত মামুদের পরিবারের সদস্যরােএকই গ্রামের বাসিন্দা বৃদ্ধ কেতাব উদ্দীনকে (৬৫) পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছেলে জাহেদুল ইসলাম (৪০) পরদিন (৩ জুন) সদর থানায় আট জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন ২০০৮ সালের ১৭ মে আট জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আইনজীবী তিনি আরো বলেন, বিকালে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন কাজী মাহবুবুর রহমান দুলু।