২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-বাংলাদেশ বন্দি বিনিময়ে তালিকা হস্তান্তর

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময়ের জন্য বন্দিদের তালিকা উভয় দেশে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 10:35 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

রোববার সফররত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের এর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বৈঠকে বন্দি বিনিময় চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দু’দেশ সময় সময় এ তালিকা বিনিময় করবে এবং শিগগিরই বন্দি বিনিয়ময় কার্যক্রম গ্রহন করা হবে।

বাংলাদেশ বা ভারত কত জন বন্দি বিনিময়ের জন্য তালিকা দিয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, সময় হলে দেখতে পাবেন।

বাংলাদেশে আটক উলফা নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হচ্ছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “অনুপ চেটিয়ার সম্পর্কে কোনো কথা এখন বলা যাবে না, অনুপ চেটিয়ার রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত একটি মামলা উচ্চ আদালতে বিচারধীন রয়েছে, যতক্ষন পর্যন্ত না ওই পযায়ে নিস্পত্তি না হয় ততক্ষন পযন্ত বলার কিছু নেই।”

বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “আমরা ঐক্যমতে পৌঁছেছি যে দু’দেশের সীমান্তে কোনো কারণবশতই হত্যা করা চলবে না।”

সীমান্তে হত্যা বন্ধে এর আগেও আশ্বাস দেয়া হলেও হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না কেন জানতে চাইলে মন্ত্রী বলেন, “এটি আগের তুলনায় অনেক কমেছে।”

সন্ত্রাসবাদের বিষয়ে আলোচনাও হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদের বিষয়ে আমাদের দুদেশের অবস্থান এক ও অভিন্ন, আলোচনা করে সিন্ধান্ত নেয়া হয়েছে দু’দেশ কোনো সন্ত্রাসবাদকে আশ্রয় বা প্রশয় দিবে না।”

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে চোরাচালান প্রতিরোধ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

সোমবার জামায়াত ইসলামীর ডাকা হরতালের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দৃঢ হাতে বেআইনী হরতাল করার প্রবনতা রোধ করব।”