এরশাদের রাডার দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে বিমানের রাডার ক্রয় দুর্নীতি মামলায় বিমান বাহিনীর সচিবসহ তিনজন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ মো. নুরুল ইসলাম এই তিন জনের জবানবন্দি রেকর্ড করেন।
সাক্ষীরা হচ্ছেন- বিমান বাহিনীর সাবেক সচিব এস এম নুরুল ইসলাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্টেনোগ্রাফার এরশাদ আলী তালুকদার এবং হিসাব সহকারী ওয়াদুদ মিয়া।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি এ মামলায় আরও দুই জন সাক্ষ্য দেন। তারা হলেন বিমান বাহিনীর অধিক্ষক শামসুদ্দিন তালুকদার ও সহ-অধিক্ষক ফরিদ আহম্মেদ।
এ মামলার প্রধান আসামি এরশাদ আদালতে উপস্থিত ছিলেন না। তার পক্ষে তার আইনজীবী হাজিরা দেন।
মামলার অপর আসামি বিমান বাহিনীর সাবেক দুই প্রধান সুলতান মাহমুদ ও মমতাজ উদ্দিন আহম্মেদ এদিন আদালতে উপস্থিত ছিলেন।
অপর আসামি ইউনাইটেড ট্রেডার্সের একেএম মুসা শুরু থেকে পলাতক রয়েছেন।
১৯৯২ সালের ৪ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর সহকারী কমিশনার মো. আলী হায়দার বাদী হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন।
ওই মামলায় তাদের অভিযুক্ত করে ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে অপর অভিযুক্তদের যোগসাজশে ফ্রান্স থেকে না কিনে অপেক্ষাকৃত বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে রাডার কেনেন। এতে রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯শ ১৮ টাকার ক্ষতি হয়। এর মাধ্যমে অভিযুক্তরা সবাই মিলে সরকারি অর্থ আত্মসাৎও করেন।
