ফাঁসির দাবিতে অনড় রাবি শিক্ষার্থীরা
বিশ্ব ভালবাসা দিবসে তরুণ-তরুণীদের মেতে উঠার কথা ছিল ভালবাসার উল্লাসে। কিন্তু যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আজ মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিশিখা জ্বলছে তরুণ প্রজন্মের মাঝে।
শাহবাগের ‘প্রজন্ম চত্বর’ এর মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ‘গণমঞ্চ’এর ব্যানারে ফাঁসির দাবিতে চালিয়ে যাচ্ছেন আন্দোলন।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো ক্যাম্পাস। ফাঁসির দাবি ছাপিয়ে যায় বৃহস্পতিবারের ভালবাসা দিবসকেও।
দিনভর অবস্থান কর্মসূচি ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রাজাকারদের প্রতীকি ফাঁসি, কফিন নিয়ে ঘৃণা মিছিল, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গণদাবির এ আন্দোলন অব্যাহত রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা।
গত কয়েকদিনের মতো বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বরে সাধারণ শিক্ষার্থীদের গণমঞ্চে এসে সংহতি প্রকাশ করেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নৃবিজ্ঞান বিভাগ, নাট্যকলা ও সংগীত বিভাগ, ইংরেজী বিভাগ, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যাবস্থাপনা বিভাগ, সমাজকর্ম বিভাগ পৃথক প্রতিবাদ র্যালি বের করে।
র্যালি শেষে তারা গণমঞ্চে এসে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচি পালন করেন। যুদ্ধাপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুর রহমান বলেন, “আমরা স্বাধীনতা দেখিনি সত্য, কিন্তুও তার ভালবাসা মনের গভীরে লালন করেছি। বিয়াল্লিশ বছর রাজাকাররা এই দেশে বেঁচে থেকেছে এটাই তো ওদের সৌভাগ্য। আর নয়, এবার তাদের ফাঁসির মাধ্যমে জাতির কলংকমোচন হবে।”
এদিকে একই দাবিতে রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার অগণিত মানুষ পথনাট্য, আবৃত্তি ও প্রতিবাদী সঙ্গীত পরিবেশন অব্যাহত রেখেছেন।
