জামিন না দেয়ায় এজলাস ভাঙচুর
জামিন না পেয়ে বগুড়ায় আদালতের এজলাস ভাংচুর করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ভাংচুরের পর গ্রেপ্তার ৬ যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতা
উপ পরিদর্শক আতাউর রহমান জানান, গত ১৩ ডিসেম্বর হরতালের সময় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে কয়েকজন ছাত্রলীগের নেতা আহত হন।
ওই ঘটনায় জগলুল পাশা নামে এক ছাত্রলীগ কর্মী জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার, স্বেচ্ছাসেবকদলের সভাপতি মেহেদী হাসান হিমু, যুবদলের সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেলসহ ৪৪ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। আসামিরা উচ্চ আদালত থেকে এ মামলায় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জামিন পান।
বৃহস্পতিবার সকাল ১১টায় আসামিরা বগুড়া সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাজির হয়ে নতুন করে জামিনের আবেদন করলে হাকিম আব্দুল হামিদ ৪৪ জনের মধ্যে বগুড়া জেলা যুবদল সভাপতি শিপার আল বখতিয়ার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান হিমু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেল, যুবদল নেতা আদিল শাহরিয়ার গোর্কি, মহরম আলী, শাহ আলমের জামিন জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
এ সময় আসামিরা কাঠগড়ার গেট ভেঙ্গে বেড়িয়ে এসে এজলাসের মধ্যে ভাংচুর এবং বিচারকদের গালাগাল শুরু করে। পরে তারা আদালত থেকে তাদের সমর্থকদের সহায়তায় পালিয়ে যাওয়ার সময়ও আদালতের ভেতরে ও বাইরে ভাঙচুর চালায়।
পরে তাদের আদালতের বাইরে থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ওই ছয়জনসহ জগলুল পাশার মামলার সব আসামি এবং অজ্ঞাত পরিচয় আরো একশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বগুড়া সদর থানার ওসি শহীদ আলম জানান, আসামি ও তাদের সমর্থকরা আদালত থেকে বাইরে এসে শহরের চেলাপাড়া পর্যন্ত গাড়ি ও দোকানপাটে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় ওই ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
