২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএম কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত: আটক ৪

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক শংকর চন্দ্র দত্তকে লাঞ্ছিত করার অভিযোগে বুধবার চার যুবককে পুলিশে দিয়েছেন বরিশালের সিটি মেয়র শওকত হোসেন হিরন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 12:42 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

এরা হলেন মো. সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগ, মো. সোহেল, মিরাজ ও জহিরুল ইসলাম।

এর আগে দুপুরে কোতোয়ালি মডেল থানায় অধ্যক্ষ শংকর দত্ত এই বিষয়ে অভিযোগ জমা দেন, যেখানে কারো নাম উল্লেখ করেননি তিনি।

মঙ্গলবার দুপুরে কলেজ সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. ননী গোপাল দাসকে বহাল রাখার দাবিতে কিছু শিক্ষার্থী অধ্যাপক শংকর চন্দ্র দত্তকে লাঞ্ছিত করে।

অধ্যাপক শংকরকে লাঞ্ছিত করার ঘটনায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ক্ষুব্ধ হয়েছেন বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়। তিনি এতে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রধানকে নির্দেশও দিয়েছেন।

মেয়র শওকত হোসেন হিরন কোতোয়ালি মডেল থানায় উপস্থিত সাংবাদিকদের বলেন, পত্রিকায় ছবি দেখে চার জনকে কৌশলে ডেকে বাসায় আনা হয়। পরে তাদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের গাড়িতে উঠিয়ে দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে।

অধ্যক্ষ শংকর দত্তের লিখিত অভিযোগে বলা হয়, গত ৩০ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে বিএম কলেজের আগের অধ্যক্ষ ননী গোপাল দাসকে খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক পদে এবং তাকে (শংকর দত্ত) বিএম কলেজের বদলি করা হয়।

মঙ্গলবার কলেজে যাওয়ার পথে অজ্ঞাত পরিচয় কিছু যুবক তাকে লাঞ্ছিত করেছে।

এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করার আবেদন জমা দিয়েছেন।

সহকারী পুলিশ কমিশানার অশোক কুমার নন্দী বলেন, লিখিত অভিযোগ মামলা হিসেবে রজ্জু করা হবে। সেই মামলায় চার জনকে গ্রেপ্তার দেখানো হবে।

বদলি হওয়া অধ্যক্ষ প্রফেসর ননী গোপাল দাসকে বহাল রাখতে কিছু শিক্ষার্থী গত ৩০ জানুয়ারি থেকে ক্যাম্পাসে আন্দোলন শুরু করে। ৩১ জানুয়ারি থেকে তারা কলেজের প্রতিটি একাডেমিক এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় এবং প্রতিদিন ক্যাম্পাসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে।

এ কারণে ৩১ জানুয়ারি থেকে কলেজের ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।