২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায়ও স্তব্ধতা

ঘড়ির কাটা বিকাল চারটার ঘর ছোঁয়ার সঙ্গে সঙ্গে একুশের বইমেলায়ও নেমে আসে স্তব্ধতা।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 12:54 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বাংলা একাডেমীর মেলা প্রাঙ্গণে উপস্থিত সবাই যে যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’ আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

শুধু রাজধানী নয়, গোটা দেশই মঙ্গলবার বিকাল ৪টায় থমকে গিয়েছিল। যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে শাহবাগের আন্দোলনকারীদের ডাকে তিন মিনিটের এই কর্মসূচিতে দেশবাসীর সাড়া ছিল অভূতপূর্ব।

আন্দোলনের কেন্দ্রস্থল শাহবাগে এই কর্মসূচিতে অংশ নেয় লাখো মানুষ। বিকাল ৩টা ৫৯ মিনিটে গণজাগরণ মঞ্চ থেকে শুরু হয় ‘কাউন্ট ডাউন’, এর সঙ্গে কণ্ঠ মেলায় সবাই।

৪টা বাজার সঙ্গে সঙ্গে তিন মিটের জন্য চুপ হয়ে যায় শাহবাগের বিশাল সমাবেশ।

অমর একুশে গ্রন্থমেলায় অংশ নেয়া বিভিন্ন প্রকাশনীর স্টলগুলোতে প্রকাশক ও বিক্রয়কর্মীরা দাঁড়িয়ে তিন মিনিট নীরবতা পালন করেন। এর আগে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা- কর্মচারীসহ মেলা প্রাঙ্গনে আসা সবাইকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি মেলার তথ্যকেন্দ্রের মাইকে ঘোষণা দেন, “আমরা বাংলা একাডেমীর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী শাহবাগে অবস্থানকারীদের সঙ্গে সংহতি জানাচ্ছি।”

মহাপরিচালক শামসুজ্জামান খান মেলায় আসা বইপ্রেমীদের উদ্দেশ্যে সে সময় বলেন, “এই সময় মেলায় যারা অবস্থান করবেন তাদের সকলকে এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানাচ্ছি।”

এরপর চারটা বাজার সঙ্গে সঙ্গে শামসুজ্জামান খান তথ্য কেন্দ্রের সামনে দাঁড়িয়ে বাংলা একাডেমী সংশ্লিষ্ট সবাইকে নিয়ে নীরবতা পালন করেন। অন্যরাও নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে পড়েন এবং তিন মিনিট নীরবতা পালন করেন।

মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে নীরবতা পালন করেন টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র তোফায়েল আহমেদ। দশম শ্রেণীর এই শিক্ষার্থী বন্ধুদের নিয়ে মেলায় এসেছে পছন্দের বই কিনতে।

কর্মসূচি পালন শেষে তার অনুভূতি জানতে চাইলে সে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আমরা সবাই দাঁড়িয়ে নীরবতা পালন করেছি। আমাদের এখন একটাই দাবি রাজাকারের ফাঁসি।”

তোফায়েলের সহপাঠী সুমন সরদার বলেছে, “আমরা এই কর্মসূচির কথা জানতাম না। বইমেলায় এসেই শুনলাম। এখন এই কর্মসূচিতে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। মনে হচ্ছে, আমরাও একটি ইতিহাসের অংশ হয়ে গেলাম।”

ইত্যাদি প্রকাশনীর প্রকাশক আদিত্য অন্তর জানালেন, আজ তিনি বইমেলায় তাড়াতাড়ি এসেছেন। কারণ, তিনি আগে থেকেই পরিকল্পনা করেছিলেন মেলা প্রাঙ্গণে এসে তিন মিনিট দাঁড়িয়ে সংহতি প্রকাশের কর্মসূচিতে অংশ নেবেন।

তিনি আরো বলেন, “এই নীরবতাই আমাদের প্রতিবাদের ভাষা। এই ভাষায়ই আমরা জানিয়ে দিতে চাই- এই দেশে যুদ্ধাপরাধীদের আর কোন ঠাই নাই।”

তিন মিনিটের নীরবতা পালন শেষে বইমেলা আবার জমে ওঠে। বিকাল সাড়ে চারটার মধ্যেই মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

‘পরবাসী’ স্টল বন্ধ ঘোষণা

মেলা পরিচালনা কমিটির অভিযানে অভিযুক্ত স্টলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মঙ্গলবার বিকেলে বৈঠকে বসে কমিটি। বৈঠক শেষে কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী লেখকদের বইয়ের স্টল ‘পরবাসী’-কে বুধবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া মেলার নীতিমালা ভঙ্গকারী ৩০টি প্রকাশনা সংস্থার স্টলকে চিহ্নিত করে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। এই স্টলগুলোর মালিকদেরকে কারণ দর্শাতে বুধবার বিকাল তিনটায় মেলা কমিটির সামনে হাজির হতে হবে।

কারণ দর্শাতে যেসব স্টলকে চিঠি দেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে- আবিষ্কার, আল আমিন, রেডিক্যাল, আলেয়া, নবযুগ, আদিগন্ত, নওরোজ কিতাবিস্তান, বাঁধন, বর্তমান সময়, আজকাল, অক্ষর প্রকাশনী, জোনাকি, শিশুপ্রকাশ, সিদ্দিকীয়া, তৃপ্তি, জ্যোৎস্না, মেলা, গাজি প্রকাশনী ও শুভ্র প্রকাশ।

এই বৈঠকে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, একুশে বইমেলার সদস্য সচিব শাহিদা খাতুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফসহ মেলা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মেলায় নতুন বই

মঙ্গলবার অমর একুশে গ্রন্থমেলায় এসেছে বেশকিছু নতুন বই। বাংলা একাডেমীর তথ্য কেন্দ্র থেকে জানানো হয়, এদিন নতুন বই এসেছে ১০৮টি।

এর মধ্যে গল্পগ্রন্থ ১৪টি, উপন্যাস ২৬টি, প্রবন্ধ ৪টি, কবিতার বই ২৯টি, গবেষণা গ্রন্থ ২টি, ছড়ার বই ৪টি, জীবনীগ্রন্থ ২টি, মুক্তিযুদ্ধ বিষয়ক বই ১টি, নাটক ১টি, বিজ্ঞান বিষয়ক ১টি, ভ্রমণ ৪টি, ইতিহাস ২টি, স্বাস্থ্য বিষয়ক বই ১টি, রাজনীতি ১টি, রম্য ৩টি, ধর্মীয় বিষয়ে ১টি, সায়েন্স ফিকশন-১টি এবং অন্যান্য ৯টি বই।

এর মধ্যে নজরুল মঞ্চে ১২টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

নতুন বইয়ের মধ্যে শুদ্ধস্বর এনেছে সৈয়দ শামসুল হকের ‘প্রান্ত পর্যন্ত’, ভাষাচিত্র এনেছে মুস্তাফিজ শফির ‘দহনের রাত’, অনিন্দ্য প্রকাশনী এনেছে  আহমদ রফিকের ‘রবীন্দ্রচর্চা বাংলাদেশ’, মাওলা ব্রাদার্স এনেছে মারুফ রায়হানের ‘মুগ্ধ মেঘার্ত, অক্ষর নিয়ে এসেছে মুহাম্মদ হাবিবুর রহমানের ‘ছোটদের রঙ বেরঙের রম্য কথা’ ও ‘স্বপ্ন মঙ্গলের কথা’, সেলিনা হোসেনের ‘মর্গের নীল পাখি’, আগামী প্রকাশনী এনছে শেখ হাফিজুর রহমানের ‘হিরোমি’ ও ‘স্বর্গ থেকে প্রত্যাবর্তন’, নূরুদ্দিন জাহাঙ্গীরের ‘মরণচাঁদের রবীন্দ্রনাথ’, অ্যাডর্ন এনেছে আফরোজা অদিতির ‘ভালোবাসার অন্তরীণ’, আমির হোসেনের ‘সূর্যতোরণ’, জাগৃতি এনেছে জাকিউল ইসলাম ফারুকীর ‘তোমার চোখের জল’, অন্যপ্রকাশ এনেছে ফরিদুর রেজা সাগরের ‘এবারও হাফডজন ছোটকাকু’, শেখ সাদির ‘যৌনযাপন’, ঐতিহ্য এনেছে তাপস রায়ের ‘রসিক হুমায়ূন’, শরিফুল ইসলাম ভূঁইয়ার ‘সাড়ে বত্রিশ ভাজা’, অনুপম এনেছে সৌমেন সাহার ‘পাগল করা ভানিত’, উৎস প্রকাশ করেছে আনোয়ার আজাদের ‘মধ্যপ্রাচ্যের দিনলিপি’, কল্যাণী দেব চৌধুরী লিপির ‘দহন কালের সমাজ’, একুশে বাংলা প্রকাশনী এনেছে ছানোয়ার খান সুজনের ‘সুনীল স্বপ্ন’, বিভাস এনেছে মাহফুজুর রহমান সৌরভের ‘একমুঠো মাটির স্লোগান’, আহসান হাবীবের ‘ট্রাভেল অ্যান্ড ফ্যাশন’, জলছাপ এনেছে জয়নাল আফসারের ‘উঠোনে ঘাস হৃদয়ে ছাই’, সাইদুর রহমান সাঈদের ‘সাম্যবাদী চেতনার ছায়া’, লোকমান আহম্মদ আপনের ‘আমি ছড়া বলছি’, চয়ন বিকাশ ভদ্রের ‘চাঁদের বুড়ি ও অন্যান্য ছড়া’, আবদুল হাসিবের ‘ছড়ায় ছন্দে স্বদেশ দেখো’ ও ‘এক টুকরি সিলোটি ছড়া’, মুকুল প্রকাশন এনেছে লুৎফর রহমানের ‘সুরমা ফারর ছড়া’।

মঙ্গলবারের মেলা মঞ্চ

বিকেল ৪ টা ৫ মিনিটে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আলী আহমদ : পা-ুলিপি সংগ্রাহক, গবেষক ও সম্পাদক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক। আলোচনায় অংশ নেন আহমদ কবির, শান্তিরঞ্জন ভৌমিক।

সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে রামকৃষ্ণ সরকারের পরিচালনায় ধামাইল নৃত্য পরিবেশন করে শ্রীমঙ্গলের সিলেট বিভাগ ধামাইল নৃত্য উন্নয়ন পরিষদ। সংগীত পরিবেশন করেন শিল্পী ফরিদা পারভীন, দিল আফরোজ রেবা, আকরামুল ইসলাম, রুশিয়া খানম এবং শফি ম-ল।

বুধবার  বিকাল ৪টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘কামরুদ্দীন আহমদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন মাহবুবা নাসরীন।

আলোচনায় অংশ নেবেন অধ্যাপক মুনতাসীর মামুন, মুহাম্মদ সামাদ, জালাল ফিরোজ এবং আহমাদ মাযহার।

পরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।