২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নির্যাতন বন্ধে ভ্যালেন্টাইন্স ডেতে মানববন্ধন

নারীর ওপর সহিংসতা বন্ধের প্রত্যয় নিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে সারা দেশে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে নারী অধিকার আন্দোলনের বেশ কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 12:39 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বাংলাদেশে ভালোবাসা দিবস হিসেবে পরিচিত এই দিনে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত আয়োজন করা হয়েছে মানবন্ধন কর্মসূচির।

বিশ্বব্যাপী অন্তত একশ’ কোটি মানুষকে রাস্তায় নেমে আসার জন্য যুক্তরাষ্ট্রের একটি সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে এই উদ্যোগ নেয়া হয়েছে।

ঢাকাসহ দেশের সব জেলায় এবং বেশিরভাগ উপজেলায় নির্দিষ্ট স্থানে ওইদিন মানববন্ধনের আয়োজন করা হবে। শুধু ঢাকা শহর ও এর আশপাশেই মানববন্ধনের ৩৬টি স্থান নির্ধারণ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

এই কর্মসূচির আওতায় সারা বিশ্বের মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ‘নারীর প্রতি সহিংসতা আর নয়’ আওয়াজ তোলার জন্য মানববন্ধনে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া ওইদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ বিষয়ে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আলোচনা, ছবি প্রদর্শনী, দেয়াল লিখন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

কর্মসূচি পালনের জন্য বাংলাদেশের কয়েকটি সরকারি-বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠান ওয়ান বিলিয়ন রাইজিং (ওবিআর) বাংলাদেশ নামের একটি সমন্বিত মঞ্চ গঠন করেছে। কর্মসূচির নাম দেয়া হয়েছে ‘উদ্যমে উত্তরণে শতকোটি’।

এই আয়োজনের সঙ্গে জড়িত বেসরকারি সংস্থা ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবির বলেন, “ভালোবাসা দিবস এখন বাণিজ্যিকীকরণের দিকে চলে গেছে। কিন্তু ভালোবাসা দিবসে ব্যক্তি বিশেষের প্রতি ভালোবাসা প্রকাশের সঙ্গে সঙ্গে এ অঙ্গীকারও করতে হবে যে, যাকে ভালোবাসি বলছি তার ওপর যেনো কখনও নির্যাতন না করি।”

এছাড়া নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ব্যাপারে সবার অঙ্গীকার করারও আহ্বান আয়োজকদের।

খুশি কবির জানান, এই আয়োজনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্ন শিল্প-কারখানার মালিক ও শ্রমিক সংগঠন, বেসরকারি মানবাধিকার সংস্থা, স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও গণমাধ্যমসহ শতাধিক প্রতিষ্ঠান একাত্মতা প্রকাশ করেছে।

আয়োজকদের মধ্যে অ্যাকশনএইড, মানুষের জন্য ফাউন্ডেশন, নারীপক্ষ, ব্র্যাক, প্ল্যান ইন্টারন্যাশনালসহ আরো বেশ কয়েকটি সংস্থা রয়েছে। আর বিশ্বব্যাপী এই কর্মসূচির ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রের নারীবাদী সংগঠন ‘ভি-ডে’। দক্ষিণ এশিয়াসহ বিশ্বের ২০০টি দেশ ইতোমধ্যে তাদের ওই আহ্বানে সাড়া দিয়েছে।