পঞ্চগড়ে পিঠা উৎসব শুরু
পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার পিঠা উৎসব ও বসন্ত মেলা শুরু হয়েছে।
দুপুরে কলেজের বটমূলে দুদিনের এ উৎসবের উদ্বোধন করেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কানাই লাল কুণ্ডু।
প্রায় ২০টি স্টল বসিয়ে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নানা পিঠা-পায়েসের পসরা সাজিয়ে উৎসবে অংশ নিয়েছে। ঘাস ফড়িং, ভাঁট ফুল, বাসন্তি, ঐতিহ্যসহ বিভিন্ন বাহারি নাম দিয়ে স্টলগুলো সাজানো হয়। সেখানে দেশি পিঠার পাশাপাশি রয়েছে- রাজরানী, সাজ, হৃদয় হরণ ও শামুকসহ প্রায় ৬১টি বিচিত্র নামের পিঠা।
উদ্বোধনী অনূষ্ঠানে সভাপতিত্ব করেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল খালেক। উদ্বোধন অনুষ্ঠানে উৎসবের আহবায়ক আইনুন নিশাত খান, উপাধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সমে আলী আহম্মেদ, আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
পরে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন।
