২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের ‘সেন্টিমেন্ট ক্ষুন্ন’ করায় ফের মাইক বন্ধ আজিমের

সংসদের আকাংখার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করায় দ্বিতীয় দিনেও পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখার সময় এক সাংসদের মাইক বন্ধ করে দেন স্পিকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 06:39 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

সোমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব শেষে অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার শওকত আলী একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমকে ফ্লোর দেন।

এসময় আজিম বলেন, ‍“আপনি গতকালও আমার মাইক বন্ধ করে দিয়েছিলেন। এতে আমি শুধু ব্যথিতই নয়, আমার সংসদীয় অধিকারও ক্ষুন্ন হয়েছে।”

এ কথায় ডেপুটি স্পিকার এ স্বতন্ত্র সাংসদের কথা ক্ষোভ প্রকাশ করেন।

“আপনি হাউজের সেন্টিমেন্ট ক্ষুন্ন করেছেন, আজকে ওই বিষয়ে আর কথা বলবেন না।”, বলেন তিনি।

এতে ক্ষুব্ধ হয়ে আজিম বলেন, ‍“ প্লিজ, ডোন্ট সাউট এট মি। ডোন্ট গেট এক্সাইটেড।“”

ডেপুটি স্পিকারও সতর্ক করে দিয়ে বলেন, “আপনি সাউট করবেন না।”

এই বলেই স্বতন্ত্র সাংসদকে কোনো সুযোগ না দিয়েই অধিবেশনের মুলতবি টানেন ডেপুটি স্পিকার।

‍এর আগে দিনের কার্যসূচির শুরুতে ফজলুল আজিম পয়েন্ট অব অর্ডার চাইলে স্পিকার আবদুল হামিদ জানান, রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শেষে এ সুযোগ দেওয়া যেতে পারে।

এরই ধারবাহিকতায় সোমবার রাত আট টার দিকে ডেপুটি স্পিকার স্বতন্ত্র সাংসদকে ফ্লোর দেন।

রোববার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ফজলুল আজিম যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণের প্রসঙ্গ টেনে বলেছিলেন, শাহবাগে যে আন্দোলন চলছে তা নিয়ে কোনো রাজনৈতিক দলের উৎসাহের কারণ নেই। সংগে সংগে অধিবেশনে মহাজোটের সাংসদরা প্রতিবাদ জানালে এ সাংসদের মাইক বন্ধ করে দেয়া হয়।

এরপর আজিম ওয়াক আউট করেন।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে গণআন্দোলন চলছে।দ্রুত এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই আন্দোলনে তার সমর্থন প্রকাশ করেছেন রোববার। স্পিকার আবদুল হামিদ সব সংসদ সদস্যের পক্ষ থেকে এই গণজাগরণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।