খুলনায় ইসলামী ব্যাংকের এটিএম বুথে আগুন
খুলনা নগরীতে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথ ভাংচুর করে আগুন দিয়েছে একদল যুবক।
রোববার বেলা ৩টা ১০ মিনিটে শিববাড়ি মোড়ে গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার সেন্টারের পাশের এ বুথটিতে আগুন দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান সাংবাদিকদের জানান, একদল মোটরসাইকেল আরোহী ইসলামী ব্যাংকের এটিএম বুথটি ভাংচুর করে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।পরে অগ্নিনির্বাপক বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি ওসি।
এ ব্যাপারে ইসলামী ব্যাংকের খুলনা শাখায় টেলিফোনে যোগাযোগ করা হলে কেউ টেলিফোন ধরেননি।
