২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগ চত্বরে সরব ‘সাইবার যোদ্ধারা’

শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সড়ক দ্বীপে সারি ধরে বসে আছেন একদল শিক্ষার্থী। সবার সামনেই একটি করে ল্যাপটপ। আছে ইন্টারনেট সুবিধা। না, তারা ব্যবসার জন্য নয়। তারুণ্যের এই গণজাগরণে তারা শুরু করেছেন আরেক লড়াই, যার নাম দিয়েছেন ‘সাইবার যুদ্ধ’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 07:30 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রীক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে ফেইসবুকে ‘শাহবাগে সাইবার যুদ্ধ’ নামে পেইজটি খোলা হয় শনিবার।

পেইজটির অ্যাডমিনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রজন্ম চত্বরের সর্বশেষ অবস্থা জানাতে তারা এই পেইজটি খুলেছেন। ৬০ জন স্বেচ্ছাসেবক এতে সক্রিয় রয়েছেন।

পেইজের ঠিকানা: https://www.facebook.com/shahbagecyberjuddho.

পেইজের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পেইজ থেকে কিছুক্ষণ পরপর জানানো হবে আপডেট, সঙ্গে থাকবে ছবি। দৃষ্কৃতকারীরা এই আন্দোলনকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে অপপ্রচার চালাচ্ছে। এসব প্রতিরোধেই শাহবাগ চত্বরে চলবে সাইবার যুদ্ধ।

সাইবার যুদ্ধে সহযোগী সংগঠনগুলোর মধ্যে রয়েছে, স্লোগান’৭১, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় টুরিস্ট সোসাইটি, প্রভাতফেরী।

আয়োজনে প্রযুক্তি সহায়তা দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সদস্যরা।

এ বিষয়ে স্লোগান’৭১ এর সভাপতি দেলোয়ার হোসেন রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সন্ধ্যা ৬টার দিকে শাহবাগে সাইবার যুদ্ধ নামের পেইজটি খুলেছি। রাত বারোটা নাগাদ প্রায় ১ হাজার ব্যক্তি এই পেইজে লাইক দিয়েছেন।”

“এখান থেকে প্রতি ৫ মিনিট পরপর আন্দোলনের সর্বশেষ অবস্থা জানানোর পাশাপাশি বেশ কিছু খাতা খোলা হয়েছে। যেখানে যে কোন ব্যক্তি এসে তার কথা লিখে দিতে পারবেন। সেই কথা বা তার একটি অংশ আমরা তুলে দিবো এই পেইজে।”

পেইজটিতে দেখা যায় অমিত দেবনাথ নামে এক ব্যক্তি অক্সফোর্ড ডিকশনারিতে রাজাকার শব্দটি যোগ করার দাবি জানিয়েছেন।

জাহিদ কবির নামে একজন বলেছেন, ‘জামাত এদেশ চায়নি- এই একটি মাত্র যুক্তিতে তাদের নিষিদ্ধ করা যায়।’

পেইজে রাজাকারের বিচারের দাবিতে আন্দোলনরত টুপি-পাঞ্জাবি পরা একদল মানুষের একটি ছবি দিয়ে বলা হয়, শিবিরের ছানাপোনারা অপপ্রচার করছে এই আন্দোলন নাকি নাস্তিকদের, ধর্মবিরোধীদের। তবে কি এই দাড়ি টুপিওয়ালা হুজুরেরাও নাস্তিক...? এরাও যুদ্ধাপরাধীদের বিচার চায়?

গণচাঁদা সংগ্রহ করে ব্যবস্থা করা টাকায় দুপুর ও রাতের খাবারের আপডেটও এই পেইজে পাওয়া যাবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এরই মাঝে উইকিপিডিয়াতেও উঠে এসেছে শাহবাগের তারুণ্যের গণজাগরণ।  শাহবাগের আন্দোলন নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করা হযেছে এই ওয়েবসাইটের বাংলা সংস্করণের সাম্প্রতিক ঘটনা বিভাগে। নিবন্ধের নাম রাখা হয়েছে- ‘২০১৩-র শাহবাগ আন্দোলন’।

সাইটটিতে যেতে এখানে ক্লিক করুন