‘খাবারে বিষক্রিয়ায়’ দুই শতাধিক শ্রমিক অসুস্থ
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় সরবরাহ করা খাবার খেয়ে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
শিল্প পুলিশের আশুলিয়া জোনের উপ-পরিচালক আলী আহম্মেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানা থেকে শ্রমিকদের নাস্তা হিসাবে রুটি, কলা ও কেক সরবরাহ করা হয়।
“কিন্তু খাবার খেতে খেতেই অনেকে অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন মাটিতে পড়ে গড়াগড়ি শুরু করেন বলেও শ্রমিকরা জানিয়েছেন।”
খাবারের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন আলী আহম্মেদ।
তিনি জানান, তদন্ত করে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ওই কারখানার প্রায় সাড়ে তিন হাজার শ্রমিকের মধ্যে প্রায় দেড় হাজার ঘটনার সময় রাতের পালায় কাজ করছিলেন।
অসুস্থদের অনেককেই নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভার্তি করা হয়েছে। এ হাসপাতালের সহকারী ব্যবস্থাপক হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার পর থেকে তাদের স্বাস্থ্য কেন্দ্রে দেড় শতাধিক শ্রমিক ভর্তি হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে রাতে বিক্ষুব্ধ শ্রমিকরা কিছু সময়ের জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাংচুর করে।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কাউকে পাওয়া যায়নি।
