২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহমদিয়াদের জলসামঞ্চে আগুনের ঘটনায় মামলা

গাজীপুরের আহমদিয়া মুসলিম জামাতের বার্ষিক সম্মেলন মঞ্চে আগুন দেয়ার ঘটনায় অজ্ঞাত পরিচয়ের পাঁচ হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 06:22 PM

Updated : 23 Aug 2022, 10:10 AM

কালিয়াকৈর থানার এসআই মো. আতিকুর রহমান রাসেল বাদী হয়ে বৃহস্পতিবার এই মামলা করেন।

ওই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবারের সম্মেলন উপলক্ষে আহমদিয়া সম্প্রদায় কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে মঞ্চ তৈরি করে।

বুধবার জেলার বিভিন্ন স্থানের ২৫ থেকে ৩০ হাজার মুসল্লি মৌচাক এলাকায় জড়ো হয়। এর মধ্যে চার থেকে পাঁচ হাজার লোক লাঠিসোঁটা নিয়ে মঞ্চে ভাংচুর করে ও আগুন দেয়।

হামলায় আহমদিয়া জামাতের নায়েবে আমির ফয়েজ উল্লাহ গুরুতর আহত হন এবং তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকাপয়সা লুট করে নেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশ স্কাউটসের সভাপতি আব্দুল করিম, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নূরুজ্জামান, অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, গাজীপুর পুলিশ সুপার আব্দুল বাতেন।

কালিয়াকৈর থানার ওসি মীর রকিবুল হক জানান, বৃহস্পতিবার আবারো ওই এলাকায় মুসল্লিরা হামালা চালাতে পারে আশঙ্কায় দুই প্লাটুন পুলিশ মৌচাক এলাকায় মোতায়েন করা হয়েছে।