সংসদীয় কমিটির কার্যক্রম পর্যবেক্ষণে স্পিকার
সংসদীয় কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ করলেন স্পিকার আবদুল হামিদ।
বৃহস্পতিবার সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫০তম বৈঠকে উপস্থিত হন তিনি।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির ৫০তম বৈঠক উপলক্ষে জাতীয় সংসদের স্পিকার বিশেষ আমন্ত্রণে কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ৫০টি বৈঠকে সফলভাবে আয়োজন করতে পারায় কমিটির সভাপতি ও সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।
তিনি জবাবদিহিতার স্বার্থে কমিটির কার্যক্রমের এ গতিধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানান।
বৈঠকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শিল্প, বাণিজ্যিক ও স্থাবর সম্পত্তির লাভজনক ব্যবহারযোগ্যতা বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) কর্তৃক প্রণীত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বর্তমান অবস্থা পরিবর্তন করে অধিকতর উন্নয়নের লক্ষ্যে করনীয় সম্পর্কে আগামী ১ মাসের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রফিকুল ইসলাম, বীর উত্তম- এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, এ কে এম রহমতুল্লাহ, শওকত মোমেন শাহজাহান, শামসুর রহমান শরীফ এবং রুবী রহমান বৈঠকে অংশ নেন।
