পাল্টাপাল্টি সমাবেশে সান্তাহারে ১৪৪ ধারা
যুবদল ও যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে বগুড়ার সান্তাহার পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আদমদিঘি থানার ওসি তোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল চলাকলে যুবদলের সঙ্গে হরতাল বিরোধীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে সকালে সান্তাহার স্টেশন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে যুবদল।
একই সময়ে রেলগেট এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় যুবলীগ।
কাছাকাছি স্থানে দুই পক্ষের সমাবেশের ফলে সংঘাত ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।
এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
