২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জলদস্যু’ জাম্বু গুলিবিদ্ধ

বঙ্গোপসাগরের ‘জলদস্যু’ মোকারম জাম্বুকে নিয়ে তার আস্তানায় পুলিশি অভিযানের সময় কথিত ‘বন্ধুকযুদ্ধে’ জাম্বু ও তিন পুলিশ আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 07:58 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

পুলিশ বলছে, বৃহস্পতিবার ভোরে মহেশখালী উপজেলার নয়াপাড়ায় এই অভিযান চালানো হয়। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে কক্সবাজারের চকরিয়া থেকে জাম্বুকে আটক করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের জন্য মহেশখালীর ঘোরকঘাটা-ঘটিভাঙ্গা সড়কের নয়াপাড়া চান্দা কাটা এলাকায় অভিযান চালায় পুলিশ।

“আস্তানায় পৌঁছানোমাত্র জাম্বু বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। সংঘর্ষের সময় জাম্বু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার ডান পায়ে গুলি লাগে।”

আহত জাম্বুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের প্রয়াত এখলাছ মিয়ার ছেলে জাম্বুর নামে জেলার বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা আছে বলে বাবুল আকতার জানান।

মহেশখালী থানার ওসি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দুকযুদ্ধে এসআই এনামুল হক (৩৫), কনস্টেবল মাদল কান্তি বড়ুয়া (৩২) ও নছিম উদ্দিন (২৯) আহত হয়েছেন। তাদের মহেশখালী হাসপতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি জেলা ফিশিং বোট মালিক সমিতির পক্ষ থেকে প্রশাসনকে ২০ জলদস্যুরর নামের একটি তালিকা দেয়া হয়, যাতে জাম্বুর নাম ২ নম্বরে ছিল।

এদিকে ‘জাম্বু ডাকাতের’ ফাঁসি ও জলদস্যুদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকালে মৎস্য ব্যবসায়ীদের ব্যানারে কক্সবাজার শহরের ফিশারীঘাট এলাকায় মিছিল ও  সমাবেশ হয়েছে।

মাঝধরা ট্রলারে ঘনঘন ডাকাতির প্রতিবাদে গত ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে আসছে জেলা ফিশিং বোট মালিক সমিতি।