ধর্ষণের ঘটনা বাড়ছে, স্বীকার মন্ত্রীর
দেশে ধর্ষণের ঘটনা বাড়ছে স্বীকার করে তা ‘আশঙ্কাজনক’ বলেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।
বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই জঘন্যতম অপরাধের মাত্রা আশঙ্কাজনকহারে বেড়েই চলছে।”
ধর্ষণ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আইনের প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক কাজ জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ঢাকা-সিলেট রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার পরিকল্পনা সরকারের আছে। টঙ্গী-ভৈরব বাজার ডাবল লাইন নির্মাণ প্রকল্পের কাজ এখনি চলছে।
মন্ত্রী জানান, ঢাকায় সড়কে যানজট কমাতে আশপাশের জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
মুজিবুল হক জানান, বাংলাদেশ রেলওয়ের ৪ হাজার ৪৮৬ একর জমি অবৈধভাবে দখলদারদের হাতে রয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলে ১ হাজার ৭৮ একর এবং পশ্চিমাঞ্চলে ৩ হাজার ৪০৮ একর।
গত দুই বছরে ১৪৩ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। তবে যথাযথ সংরক্ষণের অভাবে কিছু জমি পুনরায় অবৈধ দখলে চলে যাচ্ছে বলেও জানান মন্ত্রী।
রেলমন্ত্রী জানান, বর্তমানে সরকারের আমলে ৪৫টি নতুন ট্রেন চালু করা হয়েছে এবং ২২টি ট্রেন চলাচলের রুট বাড়ানো করা হয়েছে।
রেলওয়ের উন্নয়নে বর্তমান সরকার ১৮ হাজার ৩১০ কোটি টাকা ব্যয়ে ৩৮টি প্রকল্প এবং ৫ হাজার ৪৪৫ কোটি টাকা টাকায় ১১টি সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে বলেও সংসদে জানানো হয়।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সংসদে এক প্রশ্নের উত্তরে রাজধানীতে অপ্রতুল সড়কের বিষয়টি তুলে ধরেন।
“একটি আধুনিক শহরে রাস্তার পরিমাণ মোট আয়তনের ২০-২৫ শতাংশ হওয়া প্রয়োজন। কিন্তু ঢাকা নগরীতে রাস্তা আছে মাত্র সাত-আট শতাংশ।”
তিনি জানান, ২০১২ সালে ঢাকা শহরে দৈনিক ১৩৫টি মোটর সাইকেলসহ মোট ১৬৬টি গাড়িকে নিবন্ধন দেয়া হয়েছে।
বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জানান, ২০১০-১১ সালের তুলনায় বর্তমানে আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত পণ্যের দাম নিম্নগামী হওয়ায় এই খাতে বৈদেশিক মুদ্রা আয়ের পরিমাণ কিছুটা কমেছে।
