হরতালে গাইবান্ধায় ত্রিমুখী সংঘর্ষ, আহত ১১
জামায়াতে ইসলামীর দ্বিতীয় দিনের হরতালে গাইবান্ধার পলাশবাড়ীতে ছাত্রলীগ, শিবির ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের মিছিলে শিবির হামলা চালালে এ সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গাইবান্ধার পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম বলেন, বিকালে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হরতালের প্রতিবাদে এবং কাদের মোল্লার ফাঁসির দাবিতে শহরে একটি মিছিল বের করে।
মিছিলটি শহরের রংপুর স্ট্যান্ড থেকে চৌমাথা এসে সমাবেশ শুরু করে। তখন শিবিরকর্মীরা সমাবেশে হামলা চালায়। এ সময় আওয়ামী লীগ কর্মীরাও পাল্টা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।
এ সময় বাধা দিতে গিয়ে পুলিশও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
