মহিলা পুলিশকে উত্ত্যক্ত ছাত্রলীগকর্মীর
রাজশাহী নগরীতে মহিলা পুলিশকে যৌন হয়রানির অভিযোগে আটক দুই ছাত্রলীগকর্মীকে ছাড়িয়ে নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতারা।
বুধবার এ ঘটনায় আটকরা হলেন সাব্বির হোসেন (২০) ও মোস্তাফিজুর রহমান শিমুল (২০)। তারা রাজশাহী কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
বোয়ালিয়া থানার ওসি জিয়াউল হক জিয়া বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে বুধবার দুপুরে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় ১৪ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
সমাবেশ শেষে যাওয়ার সময় ওখানে উপস্থিত দুই মহিলা পুলিশকে এ দুই ছাত্রলীগকর্মী উত্ত্যক্ত করেন এবং মোবাইল ফোনে ছবি তোলেন।
এরপর পুলিশ তাদের আটক করে বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যায়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, খবর পেয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন ও সাবেক সভাপতি ডাবলু সরকার অর্ধশতাধিক নেতাকর্মীসহ থানায় গিয়ে তাদের ছাড়িয়ে আনেন।
সহকারী পুলিশ কমিশনার রোকনুজ্জামান বলেছেন, “মহিলা পুলিশের যৌন হয়রানির অভিযোগে দুই ছাত্রলীগকর্মীকে আটক করা হয়েছিল। তবে পরে মুচলেকা দিয়ে দলীয় নেতারা তাদের ছাড়িয়ে নিয়ে গেছেন।”
