ফাঁসি চাই দাবিতে শাহবাগে অবস্থান
জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে কয়েক হাজার তরুণ।
কয়েকটি সংগঠন বিকালে এই অবস্থান শুরু করলেও সন্ধ্যার পর তা বিশাল সমাবেশে রূপ নেয়।
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা স্বতস্ফূর্ত এই সমাবেশে সংহতি জানিয়েছেন।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
রায় ঘোষণার কয়েক ঘণ্টা পর বিকাল ৫টার দিকে কাদের মোল্লার ফাঁসি চেয়ে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন হয়।
এই মানববন্ধনের খবর ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে তরুণরা আসতে থাকলে উত্তাল হয়ে উঠে সমাবেশ।
ফাঁসির দাবিতে স্লোগানের পাশাপাশি গান, কবিতা, বক্তব্যে মুখর এখন উঠে শাহবাগ মোড়। বন্ধ রয়েছে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল।
জমায়েত হওয়া তরুণরা কাদের মোল্লা ফাঁসির রায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার ঘোষণা দিয়েছে।
শাহবাগ অবরোধের উদ্যোক্তা ব্লগার অ্যান্ড অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক সদস্য মাহমুদুল হক মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের এ রায় আমরা মানি না। আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরব না, যতোক্ষন না কাদের মোল্লার ফাঁসির সাজা হবে।”
“এ রায়ের মাধ্যমে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে। কাদের মোল্লা হাজার হাজার মানুষ হত্যা করেছে সবাই জানে, এটা তো প্রমাণ হয়েছে। তাহলে তাকে লঘু দণ্ড দিয়ে বিচারের নামে প্রহসন কেন?”
প্রথমে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করার কথা থাকলেও সবার ইচ্ছায় রাস্তা অবরোধ করা হয়েছে বলে জানান তিনি।
অবরোধকারীদের আরেকজন ইমরান এইচ সরকার বলেন, “প্রয়োজনে আমরা শাহবাগে রাতভর অবরোধ করবো। কিন্তু কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে ঘরে ফিরব।”
কাদের মোল্লার ফাঁসির দাবিতে সন্ধ্যার পর স্লোগান-৭১ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠন মশাল মিছিল বের করে। এ সকল মশাল মিছিল ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শাহবাগে এসে যোগ হয়।
সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, গণফোরামের পঙ্কজ ভট্টাচার্য্য, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্র ইউনিয়নের সভাপতি এসএম শুভ এই কর্মসূচিতে সংহতি জানান।
শিল্পী অরুপ রাহী, কফিল আহমেদ, কামাল পাশাও এতে সংহতি জানিয়েছেন।
ঘোষনাস্থল থেকে জানানো হয়, সমাবেশ ও অবরোধ সারারাত চলবে। রাতে মশাল মিছিল ঢাকার বিভিন্ন স্থলে প্রদক্ষিন করবে।
