২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপি-জামায়াতের নানা ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদ এবং যুদ্ধাপরাধের বিচার তরান্বিত করার দাবিতে কয়েকটি জেলায় গণসংযোগ ও জনসভার কর্সসূচি দিয়েছে ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 01:13 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক শেষে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি সিলেটে গণসংযোগ ও জনসভা করবেন ১৪ দলের নেতাকর্মীরা। এছাড়া ৮ ফেব্রুয়ারি জয়পুরহাটে, ৯ ফেব্রুয়ারি রংপুর এবং ১১ ফেব্রুয়ারি সিলেটে গণসংযোগ ও জনসভা করা হবে।

১৪ দলের পূর্বঘোষিত ১৫ ফেব্রুয়ারির গণপদযাত্রা কর্মসূচি সরস্বতী পূজার কারণে ১৬ ফেব্রুয়ারি পালন করা হবে বলে জানান এই আওয়ামী লীগ নেতা।

তিনি বলেন, ১৬ ফেব্রুয়ারি হেমায়েতপুর কাঁচাবজার থেকে সাভার কাঁচাবাজার, টঙ্গী থেকে উত্তরার আব্দুল্লাপুর এবং কাঁচপুর সেতুর ঢাল থেকে ওই গণপদযাত্রা কর্মসূচি শুরু হবে।

হানিফ বলেন, ১৪ দলের সভায় বিদেশি পত্রিকায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিবন্ধ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

“১৪ দলের নেতারা মনে করেন, এই নিবন্ধ প্রকাশ তিনটি গুরুত্বপূর্ণ অপরাধের সামিল। মিথ্যাচার ও অসত্য তথ্য দিয়ে তিনি জাতিকে বিভ্রান্ত করেছেন। যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে ৩০ লাখ শহীদের আত্মার সঙ্গে বেঈমানি করেছেন।

“গার্মেন্ট ধ্বংস করার জন্য তিনি জিএসপি বাতিলের আহ্বান জানিয়েছেন। এটা জাতিকে ধ্বংস করার সামিল। এছাড়া অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রদ্রোহের মত অপরাধ করেছেন।”

জামায়াতে ইসলামীর গৃহযুদ্ধের হুমকি প্রসঙ্গে হানিফ বলেন, যারা এখনো পাকিস্তানকে নিজেদের দেশ মনে করে তারাই এই হুমকি দিয়েছে। পাকিস্তানে গিয়েই তারা গৃহযুদ্ধ করুক।

সভায় দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়াসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।