২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পুড়ল পোশাক কারখানা

আশুলিয়ার কবিরপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 02:58 AM

Updated : 25 Apr 2022, 06:20 PM

আশুলিয়া ফায়ার ব্রিগেড স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সোমবার রাত ৩টার দিকে মানামি ফ্যাশন নামের ওই কারখানার চার তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। পরে তা ছড়িয়ে যায়।

অগ্নি নির্বাপক বাহিনীর পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে আনোয়ার হোসেন জানান।

আশুলিয়া শিল্প পুলিশের উপ পরিচালক আলী আহম্মেদ খান জানান, ঘটনার সময় ওই পোশাক কারখানায় কাজ বন্ধ ছিল। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে গার্মেন্টের একজন নিরাপত্তা কর্মী ভবন থেকে লাফিয়ে পড়ে আঘাত পেয়েছেন বলে এলাকাবাসী জানায়।  

আনোয়ার হোসেন বলেন, “ঘটনার সময় বিদ্যুত বন্ধ ছিল। কারখানায় কাজও চলছিল না। এরপরও কীভাবে আগুন লাগল তা তদন্ত করে বলা যাবে।”

তিনি জানান, আগুনের খবর পেয়ে আশুলিয়া, ধামরাই, কালিয়াকৈর, গাজীপুর ও টঙ্গী থেকে ফায়ার ব্রিগেডের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও কারখানায় প্রবেশের রাস্তা সংকীর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগে যায়।

শিল্প পুলিশের উপ পরিচালক আলী আহম্মেদ জানান, তারা মানামি ফ্যাশনের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। 

এর আগে গত ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১১ জন শ্রমিকের মৃত্যু হয়। আর গত ২৬ জানুয়ারি মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় স্মার্ট ফ্যাশনস কারখানায় আগুন লাগলে পদদলিত ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে সাত নারী শ্রমিক মারা যান।