২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ, অ্যাসিড সন্ত্রাসের প্রতিবাদে জাপার মানববন্ধন

‘খুন, গুম, ধর্ষণ ও অ্যাসিড সন্ত্রাসের’ প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে মহাজোট শরিক জাতীয় পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 10:50 AM

Updated : 25 Apr 2022, 06:20 PM

রোববার শাহবাগ থেকে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত দেড় ঘণ্টা ওই কর্মসূচি পালন করেন জাপাকর্মীরা।
 

গত ৩১ জানুয়ারি এই কর্মসূচি পালনের কথা থাকলেও ওইদিন জামায়াতের হরতাল থাকায় তা স্থগিত করা হয়েছিল।
 

মানববন্ধনের শুরুতে সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি খোলা পিকআপ-এ চড়ে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

তিনি বলেন, “আজ কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন।”

“পুরান ঢাকায় ছাত্রলীগের হামলায় নিহত যুবক বিশ্বজিতের বাবা-মাকে দেখতে গিয়ে সন্তান হারানোর ব্যাথা ভোলানোর মতো তাদের কোনো সান্ত্বনা দিতে পারিনি। টাঙ্গাইলে গণধর্ষণের শিকার হওয়া মেয়েটিকে দেখতে গেলাম, সে পুরুষ মানুষ দেখলে ভয় পায়। ইডেনে অ্যাসিড নিক্ষেপের শিকার মেয়েটি বলল- আমাদের কি বাঁচার অধিকার নাই।”

অ্যাসিড সন্ত্রাস ও ধর্ষণসহ সব ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

খোলা পিকআপে চড়েই প্রেসক্লাব থেকে মতিঝিল মানবন্ধনে দাঁড়ানো নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এরশাদ।

মতিঝিলে এক সংক্ষিপ্ত পথ সভায় তিনি বলেন, “সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আজকের এই কাফেলায় ব্যাপক উপস্থিতি প্রমাণ করে সবাই সামাজিক অবক্ষয় থেকে নিস্তার চায়। আমরা হরতাল-অবরোধের কার‌্যক্রমে বিশ্বাস করি না। আমরা শান্তি চাই।”

অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে আইন আরো কঠোর করে অপরাধীদের ফাঁসির দাবি জানান জাপা চেয়ারম্যান।

দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বেলা সাড়ে ১২টার দিকে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশিদ, এস এম ফয়সাল চিশতি ছাড়াও অন্যান্য শীর্ষ নেতারা এরশাদের সঙ্গে ছিলেন।