নারায়ণগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীদের ধর্মঘট রোববার
নারায়ণগঞ্জ শহরের মীনাবাজার এলাকায় শনিবার রাতে স্বর্ণের দোকানে ডাকাতির প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে জেলার জুয়েলারি ব্যবসায়ীরা।
রোববার সকাল থেকে এ ধর্মঘট শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলারি সমিতি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এবং দোকান মালিক সমিতির সহ সভাপতি মো. হানিফউদ্দিন সেলিম।
তিনি জানান, লুট হওয়া স্বর্ণ উদ্ধার ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রোববার সকাল থেকে নারায়ণগঞ্জ জেলার সব জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।
সকালে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি জমা দেবেন।
টানবাজার এলাকায় জুয়েলারীর দোকান রয়েছে প্রায় দেড়শ। কারিগরের দোকান রয়েছে ৬ থেকে ৭শ’।
হানিফউদ্দিন সেলিম জানান, রাতে শহরের মিনাবাজার এলাকায় রিফাত জুয়েলার্সে ডাকাতির ঘটনায় কী পরিমাণ স্বর্ণ লুট হয়েছে তা এখনো নিরূপণ হয়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, রিফাত জুয়েলার্সের মালিকের ধারণা এক হাজারেরও বেশী ভরি স্বর্ণ লুট হয়েছে। ওই ডাকাতির ঘটনার তদন্ত চলছে।
শনিবার রাত ৭টায় শহরের মিনাবাজার এলাকায় সেলিম মার্কেটের রিফাত জুয়েলার্সে ঢুকে ৪-৫ জনের ডাকাত দল এ লুটপাট চালায়। এ সময় তারা দোকানের দরজার সামনে বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্কে বন্ধ হয়ে যায় আশেপাশের সব দোকানাপাট।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদল পালানোর সময় আরও কয়েকটি বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ১০জন আহত হয়েছে।
