২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধের বিচার দাবি আজ কবিতার’

২৭তম জাতীয় কবিতা উৎসব  শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 01:07 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

এবার উসবের প্রতিপাদ্য হচ্ছে- ‘যুদ্ধাপরাধের বিচার দাবি আজ কবিতার’।

জাতীয় কবিতা পরিষদ আয়োজিত দু’দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন পরিষদের প্রধান উপদেষ্টা ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

এবারের উৎসব প্রয়াত কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় ও লেখক-সাংবাদিক ফয়েজ আহমেদকে উৎসর্গ করা হয়েছে।

উৎসব উদ্বোধন করে কবি সৈয়দ শামসুল হক বলেন,  স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চ হিসেবে জাতীয় কবিতা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল। সমকালীন সব প্রসঙ্গ নিয়েই প্রতিবছর উৎসব হয়ে থাকে। যুদ্ধাপরাধের বিচার দাবিতে পরিষদের এবারকার আয়োজন ভিন্নমাত্রা লাভ করেছে।

তিনি যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত শেষ করার দাবি জানান।

জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধনী পর্বের সূচনা হয়। এরপর পরিবেশিত হয় একুশের গান ও উৎসব সঙ্গীত।

কবিতা পরিষদ সভাপতি কবি হাবিবুল্লাহ সিরাজী বলেন, জাতীয় কবিতা উৎসব বাংলাদেশের কবিদের প্রাণের উৎসব। এ উৎসব আত্ম-স্থাপনের উৎসব, এ উৎসব জীবন-বিস্তারের উৎসব।

উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক কবি মুহাম্মদ সামাদ বলেন, কবিদের মূল কাজ কবিতা রচনার পাশাপাশি রক্তমূল্যে অর্জিত বাংলাদেশকে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের অভিশাপ থেকে মুক্ত করার শপথ নিতে হবে।

কবি হাবিবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে ও নাট্যব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে আরো বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক আসলাম সানী, যুগ্ম আহ্বায়ক তারিক সুজাত প্রমুখ।

কবি কাজী রোজী শোকপ্রস্তাব উত্থাপন করেন। অার উৎসব ঘোষণাপত্র পাঠ করেন কবি রবিউল হুসাইন।

এর আগে কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী কামরুল হাসানের সমাধি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।

প্রথম দিনের আয়োজনের চার পর্বে সারাদেশের কবিরা স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান। পঞ্চম পর্বেও ছিল কবিতা আবৃত্তি।

শনিবারে আয়োজনে সকাল ১০টা থেকে থাকছে দুটি সেমিনার পর্ব ও দুপুর সাড়ে ১২টায় কবিতা আবৃত্তি পর্ব। রাত ৮টায় পরিবেশিত হবে কবিতার গান।