রাজধানীতে বিপণি বিতানে আগুন
রাজধানীর এ্যালিফেন্ট রোডের বিপণি বিতান ইস্টার্ন মল্লিকার একটি দোকানে আগুন লেগে আসবাবপত্র পুড়ে গেছে।
ফায়ার ব্রিগেড বলছে, শুক্রবার দুপুর ১২টার দিকে ওই মার্কেটের নিচ তলায় ‘মাস্টার গহনা’ নামের একটি দোকানে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই দোকানের ফলস সিলিংয়ে আগুন লাগে। অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নাজমা জানান, দোকানের কিছু আসবাবপত্র পুড়ে গেছে। তবে দোকানের মালিক বাপ্পী তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।
