২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূরপাল্লার বাস ছাড়েনি, লঞ্চ-ট্রেন স্বাভাবিক

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সকালে রাজধানীর গাবতলী ও সায়দোবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল একপ্রকার বন্ধ থাকে। যাত্রীসংখ্যা কম থাকলেও লঞ্চ ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 04:50 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

রাজধানীর সড়কগুলোতে কিছু গাড়ি চলতে দেখা গেলেও দিনের প্রথম ভাগে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। গাবতলী বাস টার্মিনাল এলাকায় ক্রিকেট খেলে সময় পার করছেন বাস কাউন্টারের লোকজন। আর মহাখালী বাস টার্মিনালে দূরপাল্লার গাড়িগুলো মেরামত ও ধোয়া-মোছার কাজ করতে দেখা গেছে অনেককেই।

গাবতলী, মিরপুর-১, মিরপুর-১২ ও মিরপুর-১৪ নম্বর সেক্টর থেকে সকাল থেকে সিটি পরিবহনের হাতে গোনা অল্প কিছু গাড়ি রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করে। বিআরটিসির বাসও চলতে দেখা যায়।

হরতাল শেষে সন্ধ্যায় গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার গাড়ি চলাচল শুরু করবে বলে বিভিন্ন পরিবহনের স্টেশন মাস্টাররা জানিয়েছেন।

গাবতলী বাস টার্মিনালে সোহাগ পরিবহনের স্টেশন মাস্টার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল শেষ হলে সন্ধ্যায় গাড়ি ছাড়া হবে।

হানিফ পরিবহনেরকর্মী শরিফুল ইসলাম জানান, হরতালের কারণে বৃহস্পতিবারের সব টিকেট বাতিল করা হয়েছে। সন্ধ্যা ৬টার পর থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যাবে।

মহাখালী বাস টার্মিনালে স্টারলিট পরিবহনের স্টেশন মাস্টার আতিক ও ক্রাউন ডিলাক্স পরিবহনের স্টেশন মাস্টার ইব্রাহিমও জানান, হরতাল শেষ না হওয়া পর্ন্ত গাড়ি ছাড়বেন না তারা।

“গত হরতালে বনানীতে আমাগো দূরপাল্লার বাস ভাংচুর করে। তাই এবার আর কোনো ঝুঁকি নেব না। ঢাকায় দুপুর পর্ন্ত হরতাল থাকলেও সন্ধ্যায় বাস ছাড়ব,” বলেন আতিক।

এদিকে গাবতলী বাস টার্মিনাল ও মহাখালীর তিতুমীর কলেজ এলাকায় হরতালবেরাধী মিছিল করে ক্ষমতাসীন দলের কর্মীরা। শ্যামলী বাস স্টেশন ও গাবতলীতে আওয়ামী লীগ কর্মীদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

সায়েদাবাদ বাস টার্মিনালে ‘ঢাকা-চাঁদপুর সুপার’ বাসের চালক চালক  মো. শাজাহান সকাল সাড়ে ৭টায় চাঁদপুর থেকে বাস নিয়ে সায়েদাবাদ টার্মিনালে পৌঁছান।

আসার পথে কয়েকবার হরতাল সমর্থকদের বাধার ‍মুখে পড়ার কথা জানিয়ে  তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ আসার পর হরতাল সমর্থকরা পালিয়ে যায়।”

সকাল থেকে সায়েদাবাদে সব রুটের দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল বলেও জানান তিনি।

এদিন নগরীতে বিভিন্ন রুটে চলাচলকারী গণপরিবহনের সংখ্যা  অন্য হরতালের দিনের তুলনায় কিছুটা বেশি হলেও বাসে দেখা যায় প্রচণ্ড ভিড়। বিভিন্ন মোড়ে অফিসযাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়।

হরতালে লঞ্চ চলাচল ‘স্বাভাবিক’ ছিল জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরবিহন কর্তৃপক্ষের ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাফুজুর রহমান বিডিনিউজকে জানান, “সকাল ৯টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ৪টি লঞ্চ ছেড়ে যায়। তবে যাত্রীসংখ্যা ছিলো কম।”

আর দক্ষিণাঞ্চল থেকে সকাল ৯টা পর্যন্ত ৪০টি লঞ্চ সদরঘাটে পৌঁছেছে বলে জানান তিনি।

কমলাপুরের স্টেশন ম্যানেজার প্রণবেশ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে সব ট্রেনই সময়মতো নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। 

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল, আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে সারাদেশে এই হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। তাদের শরিক বিএনপিও এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে।