২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চট্টগ্রামের একমাত্র সমস্যা জামায়াত-শিবির’

চট্টগ্রামে জামায়াত-শিবির ছাড়া কোনো ‘সমস্যা’ নেই বলে সংসদে জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 03:16 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

বিদ্যমান পরিস্থিতিতে জামায়াত-শিবিরকে নির্মূলের দাবি জানিয়েছেন মহাজোট শরীক জাসদের এক সাংসদ।

বুধবার রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় নুরুল ইসলাম বলেন, “চট্টগ্রামের একমাত্র সমস্যা জামায়াত-শিবির। এদের সঙ্গে রোহিঙ্গারা জামায়াতের সমর্থক হয়ে এখানে (চট্টগ্রামে) এসে অলি-গলিতে ঢুকে পড়ে। তারা চট্টগ্রামের ভাষায় কথা বলতে পারে।

“এরা বাঁশি দিয়ে এক সাথে নেমে পড়ে। গাড়ি ভাংচুর করে দ্রুত পালিয়ে যায়।”

জাসদের সংদস সদস্য শাহ জিকরুল আহমেদ বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় রাজারবাগ পুলিশ লাইনে হামলা চালিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। স্বাধীনতার ৪১ বছর পর জামায়াত-শিবির সংঘবদ্ধভাবে পুলিশের উপর আক্রমণ চালাচ্ছে। তারাও একই বার্তা দিচ্ছে।

আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে জামায়াত-শিবিরকে ‘নির্মূল’ করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরুর জন্য প্রধান হুইপ আব্দুস শহীদ ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। তার প্রস্তাব সমর্থন করেন হুইপ আ স ম ফিরোজ।

আগামী ৬ মার্চ পর্ন্ত এই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে ৪০ ঘণ্টা আলোচনার কথা রয়েছে।

৩টি বিল উত্থাপন

সংসদের বুধবারের অধিবেশনে তিনটি বিল উত্থাপিত হয়েছে।

পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার পরিসংখ্যান বিল-২০১৩, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড বিল-২০১৩ এবং ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া ইসলামিক ফাউন্ডেশন বিল-২০১৩ উত্থাপন করেন।

বিল তিনটি পরীক্ষা নীরিক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

এসময় ডেপুটি স্পীকার শওকত আলী অধিবেশনে সভাপতিত্ব করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/এইচএ/২১০০ ঘ.