অর্থ না পেলেও এ মেয়াদেই পদ্মা সেতু: কাদের
বিশ্ব ব্যাংক কিংবা বিকল্প উৎস থেকে অর্থ পাওয়া না গেলেও এই মেয়াদেই পদ্মা সেতুর কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার মন্ত্রিপরিষদ ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
কাদের বলেন, “গতকালও প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করার মতো অ্যাবিলিটি আমাদের রয়েছে।”
এর আগে মঙ্গলবার অর্থমন্ত্রী বলেছিলেন, বিশ্ব ব্যাংক অর্থায়ন না করলে বর্তমান সরকারের মেয়াদে এই সেতুর কাজ শুরু করা সম্ভব হবে না।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “অর্থমন্ত্রীর বক্তব্যর বিষয়ে কোন বিরূপ মন্তব্য করতে চাই না, তার বোঝাতে হয়ত সমস্যা হয়েছে বা তিনি যা বোঝাতে চেয়েছেন তা আসেসি। তার স্পিরিট ঠিক আছে। তিনি বোঝাতে চাননি যে পদ্মা সেতু হবে না।”
“পদ্মা সেতুর অর্থায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আমরা কথা বলছি, অর্থমন্ত্রী বিচ্ছিন্ন কিছু নয়।”
জানুয়ারির পর বিশ্ব ব্যাংকের জন্য সরকার অপেক্ষা করবে না বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নিজেই বলেছেন বিশ্ব ব্যাংকের বিষয়টি ক্লোজ, বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়টি আগামীকাল অর্থাৎ ৩১ জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে।”
তবে পদ্মাসেতু নির্মাণে অর্থায়েনের বিষয়টি ফেব্রুয়ারি মাসেই চূড়ান্ত হবে বলে জানান ওবায়দুল কাদের।
২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা। তবে দুর্নীতির অভিযোগ তুলে তারা অর্থ এখনো না দেয়ায় ঝুলে আছে দেশের বহু প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ।
বিশ্ব ব্যাংক অর্থায়ন একবার বাতিল করলেও পরে সরকারের নানামুখী তৎপরতায় প্রকল্পে ফিরে আসে। এরপর দুর্নীতির অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণে তিন সদস্যের একটি প্যানেল গঠন করে।
এই পর্যবেক্ষক প্যানেলের প্রতিবেদনের ওপরই নির্ভর করছে আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মা সেতু নির্মাণ।
সরকার তাই জানুয়ারির মধ্যে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত চাচ্ছে; যদিও দুদক মামলা করার পর বিশ্ব ব্যাংক এখনো কিছু না বললেও পর্যবেক্ষক প্যানেল তাদের অসন্তোষের কথা স্পষ্ট করেছে।
পদ্মা সেতুর বিষয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের কথা রয়েছে যোগাযোগমন্ত্রী কাদের বলেন, “এখানে অর্থমন্ত্রী বিচ্ছিন্ন কেউ নন, প্রধানমন্ত্রীই সব চূড়ান্ত করবেন এবং আমরা প্রধানমন্ত্রীকেই ফলো করবো।”
বিকল্প অর্থায়নের বিষয়ে মন্ত্রী বলেন, “গতকালও চিনের একটি প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে প্রস্তাব পাওয়া গেছে, আরো অনেকেই এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।”
কাদের বলেন, “আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছি এ সরকারের মেয়াদেই মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে।”
