ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজারে ১৪৪ ধারা
জামায়াতে ইসলামী এবং কৃষকলীগ ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি একই স্থানে সভা ডাকায় সিলেটের বিয়ানীবাজার ও ফেঞ্চুগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
ফেঞ্চুগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির বুধবার বেলা ৩টায় মাইজগাঁও বাজারে সমাবেশ ডাকে। অন্যদিকে উপজেলা কৃষকলীগও একই স্থানে একই সময় সমাবেশ আহবান করেছে।
এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় মাইজগাঁও বাজার এলাকায় বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা সব ধরনের সভা সমাবেশ মিছিল ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে বলে লুৎফুর রহমান জানান।
বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি ও জামায়াতে ইসলামী বুধবার দুপুরে পৌর এলাকায় একই সময়ে সমাবেশ করার ঘোষণা দেয়ায় সেখানেও ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পৌর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি।
