অ্যাসিড ‘নিক্ষেপকারী’ মনির ভেজালেও
ইডেনছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের মামলার আসামি মনির উদ্দিন ভেজাল খাদ্য ও প্রসাধনী তৈরিতেও জড়িত ছিল বলে প্রমাণ মিলেছে।
এই প্রমাণ পাওয়ার পর রোববার ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে।
অ্যাসিড নিক্ষেপের মামলায় জিজ্ঞাসাবাদে মনির (২৭) ভেজাল পণ্য তৈরির কথা স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে। তার ভিত্তিতেই মোহাম্মদপুরে তার বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে।
গত ২৪ জানুয়ারি রাঙমাটিতে গ্রেপ্তার হওয়ার পর মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য নয় দিনের জন্য হেফাজতে পায় পুলিশ।
অ্যাসিড নিক্ষেপের মামলায় গ্রেপ্তার মনির
ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে ঢাকার নির্বাহী হাকিম মমতাজ বেগমের নেতৃত্বে মনিরের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত অভিযানে ছিলেন। আসামিকেও সেখানে নেয়া হয়।
মনিরের বাসায় বিএসটিআই এর অনুমোদন ছাড়া প্যাকেটজাত ফলের রস, শ্যাম্পু, পাউডার, টুথ পাউডার ও ভেজাল ওষুধ তৈরির সরঞ্জাম পাওয়া যায় বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
অনুমোদন ছাড়া পণ্য উৎপাদনের জন্য মনিরকে আদালত দুই বছরের কারাদণ্ড দেয়।
গত ১৫ জানুয়ারি চাঁনখারপুর এলাকায় কাজী অফিসে ইডেন কলেজের এক ছাত্রীর গায়ে অ্যাসিড ছোড়ার অভিযোগ রয়েছে মনিরের বিরুদ্ধে। ওই ছাত্রীকে ছুরিকাঘাতও করা হয়।
বিয়েতে রাজি না হওয়ায় মনির এই ঘটনা ঘটান বলে প্রত্যক্ষদর্শী কাজী আদালতে জানিয়েছেন।
