২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সোমবার হরতাল

আওয়ামী লীগ সমর্থিত এক পৌর কাউন্সিলরের ওপর হামলাকারীকে গ্রেপ্তার এবং সদর থানার ওসিকে অপসারণের দাবিতে সোমবার বাগেরহাট শহরে আধাবেলা হরতালের ডেকেছে পৌর পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 11:44 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, শনিবার বিকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার শামীম আহসান (৪৫) এক বিএনপি নেতার হামলায় গুরুতর আহত হন।

শামীম এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার জেরে রোববার পৌর পরিষদের জরুরি সভায় জেলা শহরে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতালের ঘোষণা দেয়। পরে পৌর পরিষদের পক্ষে শহরে হরতালের সমর্থনে মাইকিং করা হয়।

এর আগে সকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা শহরের দুই বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।

সকাল ১১টায় দিকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী হামলায় ঘটনায় সন্দেভাজন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক খাদেম নিয়ামুল কাদিরের (৩১) হাড়িখালী এলাকায় বাড়িতে ও শহরের পিসি কলেজ সড়কে পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলীর বাড়িতে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ সময় বিক্ষুদ্ধ নেতাকর্মীদের ইট-পাটকেলের আঘাতে পুলিশের পরিদর্শক (তদন্ত), দুই উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ সদস্য আহত হন বলে জানান মডেল থানার ওসি মিজানুর রহমান।

আহতরা হলেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল আলম খান, এসআই আশিকুর রহমান ও আজগর আলী, কনস্টেবল শিমুল মিত্র ও সামছুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে কাউন্সিলর শামীম নিজ কার্যালয়ের পাশে চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন। এ সময় বিএনপি নেতা খাদেম কাদির সেখানে এসে কাঠের চেলা নিয়ে শামীমকে এলাপাথাড়ি পিটাতে থাকেন। তখন শামীম মাটিতে পড়ে গেলে খাদেম কাদির চলে যান।

এলাকার লোকজন শামীমকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে এবং রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান শামীমের ছোট ভাই সরদার জাহিদুল ইসলাম।

ঢাকা থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামীম এখনো আশঙ্কামুক্ত নন। শামীমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।

পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, হামলাকারীকে গ্রেপ্তার এবং মডেল থানার ওসি মিজানুর রহমানের অপসারণের দাবিতে হরতাল ডাকা হয়েছে।

এলাকার বিএনপির সন্ত্রাসীদের মডেল থানার এই ওসি প্রশ্রয় দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

তাদের দাবি না মানলে মঙ্গলবার থেকে বাগেরহাট পৌর এলাকার পানি সরবরাহ ও আবর্জনা অপসারণ কাজ বন্ধ করে দেয়া হবে বলে তিনি হুঁশিয়ার করে দেন।

মডেল থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপসারণের দাবি তার কাছে বোধগম্য নয়। শনিবার রাতেই খাদেমের বড় ভাই খাদেম নিয়ামুল বশিরকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। খাদেম কাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে খাদেম কাদের ও শামীমের মধ্যে পূর্ববিরোধ আছে। খাদেম কাদেরের বিরুদ্ধে অস্ত্র আইনসহ মারামারির ঘটনায় অন্তত সাতটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি আদালতের নির্দেশে জামিনে রয়েছেন।