২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্মের নামে মানবতা লঙ্ঘন নয়’

‘শান্তির ধর্ম’ ইসলামের নামে কেউ যাতে মানুষের অধিকার হরণ কিংবা মানবতা লঙ্ঘন করতে না পারে- সেজন্য ওলামা-মাশায়েখদের সজাগ থাকার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 09:29 AM

Updated : 25 Apr 2022, 06:18 PM

রোববার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “ইসলাম শান্তি, সম্প্রীতি ও সৌহাদ্যের ধর্ম। এই ধর্ম ব্যবহার করে কেউ যাতে মানুষের অধিকার কেড়ে নিতে না পারে, মানবতা লঙ্ঘন করতে না পারে এবং অন্যায় অবিচার করতে না পারে।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতেও ইমামদের প্রতি আহবান জানান শেখ হাসিনা।
 

তিনি বলেন, সকল ধর্মের প্রতি সহনশীলতা দেখানোই ইসলামের লক্ষ্য।

যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার করেছিলাম। মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীর বিচার কাজ এগিয়ে চলেছে।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট পরিবারের সদস্যদের হারানো এবং ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলার পরও বেঁচে যাওয়ার বিষয়টি অনুষ্ঠানে স্মরণ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “আল্লাহর রহমত ছাড়া এভাবে কেউ বেঁচে থাকতে পারে না। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, করবোও না। আল্লাহ আমার ওপর যে দায়িত্ব অর্ণ করেছেন- তা পালন করতে হবে।”

“মায়ের মন নিয়ে এদেশের মানুষের জন্য কাজ করছি। আমি চাই এদেশের মানুষ ভালো থাকুক”, বলেন প্রধানমন্ত্রী।

মসজিদের মাধ্যমে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেয়া এবং মানবসম্পদ উন্নয়ন ও জনসচেতনতা তৈরিতে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের ধর্মীয় মর্যাদা রক্ষার পাশাপাশি তাদের জীবন জীবিকায় সার্বিক সহযোগিতা দেয়া সরকারের দায়িত্ব। আর এ লক্ষ্যকে সামনে রেখেই আমরা আলেম-ওলামাদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি।”

ইসলামিক ফাউন্ডেশনের পাঁচ বছর মেয়াদী উন্নয়ন প্রকল্প ‘মসজিদভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে’ প্রায় সাড়ে ৬শ’ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় প্রায় ৩৮ হাজার আলেম-ওলামার কর্মসংস্থান হয়েছে।

আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উদ্যোগ নেয়া এবং কওমী মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি দেয়ার জন্য ‘কওমী মাদ্রাসা শিক্ষা কমিশন’ গঠন করার কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

বক্তব্য দেয়ার আগে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে পুরস্কার বিতরণ করেন শেখ হাসিনা। জাতীয় পর্যায়ে দুইজন, বিভাগীয় পর্যায়ে ১৭ জন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পাওয়া ইমামদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক ইমামকে একটি ক্রেস্টসহ ৪০ হাজার টাকা এবং বিভাগীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্তদের ১৫ হাজার টাকা ও একটি ক্রেস্ট দেয়া হয়।

শেখ হাসিনা বলেন, “এ বছর সৌদিআরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার তিনটি গ্রুপের প্রতিটিতেই বাংলাদেশ প্রথম স্থান অধিকার করেছে জেনে আমি খুশি হয়েছি। আমি হেফজ প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।”

ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল এবং কুষ্টিয়ার পুরস্কারপ্রাপ্ত ইমাম মো. ফায়জুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।

পুরস্কার বিতরণ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মো. সালাহ উদ্দিন।