২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সঙ্গে বন্দি বিনিময়ে এগিয়েছে দিল্লি

বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে ভারত সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নয়া দিল্লি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 06:11 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের মন্ত্রিসভার এক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। আগামী ২৮ জানুয়ারি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের ঢাকা সফরের সময়েই এই চুক্তি সইয়ের কথা রয়েছে।

এর আগে দুই দেশের মধ্যে গঠিত যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে চুক্তির বিষয় একাধিকবার দুই দেশের মধ্যে আলোচনা হয়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় স্বাক্ষরিত সহযোগিতার রূপরেখা চুক্তির আলোকে ওই পরামর্শক কমিশন গঠন করা হয়।

ভারতের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির যে খসড়াটি ঢাকা কিছুটা সংশোধন করে ফেরত দিয়েছিল, সেই সংশোধন প্রস্তাবগুলো মেনে নিয়ে তা অনুমোদন করেছে মন্ত্রিসভা।

নতুন এই চুক্তি সই হলে বাংলাদেশে আটক উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত নিতে পারবে ভারত, যা তাদের দীর্ঘদিনের চাওয়া।

বাংলাদেশ-ভারত আসামি প্রত্যর্পণ চুক্তি থাকলেও বন্দি বিনিময় চুক্তি না থাকায় আসামের এই বিদ্রোহী নেতাকে নিতে পারছিল না ভারত।

অনুপ চেটিয়া এক দশক ধরে ১৯৯৮ সাল থেকে বাংলাদেশে বন্দি। অবৈধ অনুপ্রবেশের অপরাধে সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে আসামি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পাচ্ছিল না নয়া দিল্লি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার পিটিআইকে দেয়া বক্তব্য উদ্ধৃত করে বিবিসি বাংলা জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতিও অনুমোদিত হয়েছে।

নতুন নীতি বাস্তবায়ন হলে ৬৫ বছরের বেশি আর ১২ বছরের কম অসুস্থ নাগরিক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ‘অন অ্যারাইভাল ভিসা’ পেতে পারবেন৻

ভিসা পাওয়ার এই নতুন চুক্তিটিও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময়ে চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে।