‘শোকে পাথর হয়ে গেছেন খালেদা’
যুদ্ধাপরাধীদের বিচারের রায় দেয়া শুরু হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘শোকে পাথর’ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে সোমবার জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দেয়। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালে এটিই প্রথম রায়।
মতিয়া বলেন, “একজনের (যুদ্ধাপরাধী) মাত্র বিচার হয়েছে। পর্যায়ক্রমে সব রাজাকারের বিচার হবে। একজন রাজাকার অবশিষ্ট থাকা পর্যন্তও এ বিচার চলবে। এর মধ্যেই খালেদা জিয়া শোকে পাথর হয়ে গেছেন।”
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এবং বিএনপি-জামায়াতের দেশবিরোধী ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী ১৪ দলের এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি সফল করতে এই বর্ধিত সভা হয়।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এই মানবন্ধন কর্মসূচি পালন করা হবে। ঢাকায় গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানবন্ধন করবেন দলীয় নেতাকর্মীরা।
কৃষিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের আত্মাকে আশ্বস্ত করতে চাই, সরকার আইনের মাধ্যমে রাজাকারদের কবর দেয়ার প্রক্রিয়া শুরু করতে সক্ষম হয়েছে। পর্যায়ক্রমে সব অপরাধীর বিচার হবে।
‘তাড়াহুড়া’ করে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে- এমন অভিযোগ নাকচ করে দিয়ে মতিয়া আরো বলেন, “বিচার বিভাগ কারো অঙ্গুলি নির্দেশে, কিংবা কারো ইশারায় যুদ্ধাপরাধীদের বিচারের রায় দেয়নি। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে বিচার সম্পন্ন করার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে।”
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিএনপি এখন ‘ঘোমটা খুলে’ মাঠে নেমে গেছে। একটি মাত্র রায়ই শেষ নয়। সব যুদ্ধাপরাধীর বিচার হবে।
সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাতীর সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, সাম্যবাদী দলের আবু হাসেম সাহাবুদ্দিন, কমিউনিস্ট কেন্দ্রের আহবায়ক ওয়াজেদুল ইসলাম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে একই স্থানে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্ব ঢাকা মহানগর ১৪ দলের বর্ধিত সভা হয়।
