শিক্ষকদের আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যে: নাহিদ
চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
১৭ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন।
বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “আমি বলতে বাধ্য হচ্ছি শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে। হঠাৎ করে এসে জমায়েত হয়ে এই দাবি করা অবাস্তব।”
‘এই আন্দোলনে নেতৃত্বদানকারী কে’- প্রশ্ন তুলে মন্ত্রী বলেন, “তার সরকার তো ২৮ বছর ক্ষমতায় ছিল। তার দল কেন এটা করল না। বিষয়টি যদি এতই জরুরি ছিল তাহলে তার দলই তো জাতীয়করণ করল না। বিভ্রান্তি ছড়ানোর জন্যই উদ্দেশ্যমূলকভাবে এটা করা হচ্ছে।”
শিক্ষকদের উদ্দেশ্যে নাহিদ বলেন, আপনারা বিভ্রান্ত হবেন না। দয়া করে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। কথা থাকলে আলোচনা করুন।
প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেয়ায় এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও তাদের চাকরি জাতীয়কণের দাবিতে আন্দোলন করছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, “প্রাইমারি আর মাধ্যমিক এক নয়। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক।”
টানা ১৩ দিন ধর্মঘট পালনের পর বুধবার সকাল থেকে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সহস্রাধিক শিক্ষক-কর্মচারী ‘মহা অবস্থান’ কর্মসূচি পালন করছেন।
এর আগে একই দাবিতে গত ১০ থেকে ২২ জানুয়ারি পর্ন্ত দেশের প্রায় ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষক-কর্মচারীরা লাগাতার ধর্মঘট পালন করেন।
২২ জানুয়ারির মধ্যে চাকরি জাতীয়করণের কোনো ঘোষণা না এলে ২৩ জানুয়ারি ঢাকায় মহা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের এই ‘মহা অবস্থান’ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকদের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া।
‘আলোচনা করেই সিদ্ধান্ত দিয়েছি’
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানো যে ঘোষণা শিক্ষামন্ত্রী দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া বলেছেন, শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর নামে শিক্ষামন্ত্রী তার অবস্থান স্পষ্ট করেছেন।
মন্ত্রী তার ‘পালিত’ কয়েকজন শিক্ষক নেতার সঙ্গে আলোচনা করে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন সেলিম ভূইয়া।
তিনি বলেন, এই ঘোষণার মধ্য দিয়ে শিক্ষকদের অপমান করা হয়েছে।
এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত দেয়া হয়েছে। উড়াল দিয়ে এসে এখানে বসিনি। ৫৩ বছর ধরে এসব বিষয়ের সঙ্গে জড়িত আছি।”
বিভ্রান্তি ছড়ানোর জন্যই এসব করা হচ্ছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, ভাতা বাড়ানোর এই ঘোষণায় শিক্ষক-কর্মচারীরা খুশি হয়েছেন। তারা আমাদের অভিনন্দন জানিয়েছেন।
বুধবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া একশ’ টাকা থেকে বাড়িয়ে পাঁচশ’ টাকা এবং চিকিৎসা ভাতা দেড়শ’ থেকে বাড়িয়ে তিনশ’ টাকার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
‘ভাসানীর নাম বাদ দেয়া হয়নি’
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম পঞ্চম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেয়ার যে অভিযোগে উঠেছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন নাহিদ।
তিনি বলেন, আগে পঞ্চম শ্রেণির বইতে শুধুমাত্র ভাসানীর জীবনী লেখা ছিল। এখন তাকে নিয়ে প্রবন্ধ লেখা হয়েছে।
“যেহেতু বড় পরিসরে ভাসানীকে নিয়ে লেখা হয়েছে তাই তা পঞ্চম শ্রেণির বইতে না দিয়ে অষ্টম শ্রেণির বইয়ে দেয়া হয়েছে। এতে তাকে আরো সম্মানিত করা হয়েছে।”
শুধু বিভ্রান্তি সৃষ্টির জন্য ভাসানীর নাম পাঠ্যবই থেকে বাদ দেয়া হয়েছে বলে নানা মহল থেকে অভিযোগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, নতুন পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু ও শের-ই-বাংলার সঙ্গে ভাসানীর ছবি রয়েছে। এছাড়া ভাসানীর আলাদা একটি একক ছবিও পাঠ্যবইয়ে রয়েছে।
ইংরেজি মাধ্যমের যেসব প্রতিষ্ঠানে এখনো বিনামূল্যে বিতরণের বই বিতরণ করা হয়নি তাদের তালিকা করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নাহিদ।
